প্রবল
বৃষ্টিপাতের মধ্যে দিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদুল আযহার জামাত অনু্ষ্ঠিত। বন্দুকের ফাঁকা গুলির শব্দের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল
নয়টায় জামাত শুরু হয়। শোলাকিয়ায় ঈদুল আযহার ১৯৬তম জামাত। নামাজ শেষে বিশ্বশান্তি, দেশ ও মুসলিম উম্মাহর
সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার শোলাকিয়ায় মুসল্লিদের সমাগম কম হয়েছে।
জামাতে ইমামতি করেন জেলা শহরের মারকাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান খান।
ভোর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর মধ্যে দলে দলে মুসল্লিরা আসতে শুরু করেন মাঠে। বৃষ্টিতে কেউ ছাতা, কেউ পলিথিন, কেউ জায়নামাজ মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকেন। বৈরী আবহাওয়া ও তুমুল বৃষ্টির মধ্যেও মাঠ ছেড়ে যাননি মুসল্লিরা। নিরাপত্তার স্বার্থে প্রবেশপথে তাঁদের প্রত্যেকের দেহ তল্লাশি করা হয়।
নিরাপত্তা ঝুঁকি না থাকলেও ২০১৬ সালে শোলাকিয়ায় ঈদের জামাতের সময় জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে এবারও বাড়তি নিরপত্তাব্যবস্থা নেওয়া হয় মাঠে। ২০১৬ সালের ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা।