রাজধানীর মোহাম্মদপুরে এবার প্রকাশ্যে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান। দুর্বৃত্তরা তার কাছ থেকে আইফোন ১৭ প্রো ম্যাক্স ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বাধা দেওয়ায় চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করে তাকে আহত করেছে।
শুক্রবার ২৭ নভেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। রাফসান জানান, মাস্টার্সের ক্লাসে যাওয়ার জন্য মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় ইউল্যাব ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন তিনি। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা তার পথ আটকে দেয়। ওই অটোরিকশায় থাকা চার ব্যক্তি চাপাতি দেখিয়ে তার কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোন নিয়ে নেয়।
ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা চাপাতির উল্টো পাশ দিয়ে তাকে কয়েকবার আঘাত করে। এতে তার ডান হাতে আঘাত লাগে। পরে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। রাফসান ইউল্যাবে মাস্টার্সের শিক্ষার্থী। পাশাপাশি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী হিসেবেও কাজ করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী জানান, ঘটনার বিষয়টি তিনি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে জানিয়েছেন। পাশাপাশি পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়েছে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। শনিবার ২৮ নভেম্বর রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে।