দেশে এক বছরে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নতুন শনাক্তদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। পাশাপাশি অর্ধেকই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩০৫ জনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়। আগের বছর নতুন শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯১ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ।
একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন। আগের বছর এই সংখ্যা ছিল ২৫৪ জন। নতুন শনাক্তদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য। বয়সভিত্তিক হিসাবে ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ। অন্য বয়সের মানুষের হার ১৫ শতাংশ।
বৈবাহিক অবস্থার হিসাবে নতুন শনাক্তদের ৪৮ শতাংশ বিবাহিত এবং ৪৮ শতাংশ অবিবাহিত। এ ছাড়া ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিচ্ছিন্ন বা একা বসবাসকারী। আচরণ ও পেশাগত পরিচয়ের হিসাবে নতুন শনাক্তদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে শনাক্তের হার ১১ শতাংশ। আর অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এই হার ১৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণ শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্ত হওয়ার পরপরই চিকিৎসা শুরু করেছেন। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে অন্যের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কার্যত নির্মূল করা যায়। জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান জানান, গত বছরের তুলনায় এবার এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার সংখ্যা বাড়ার কারণেও শনাক্তের সংখ্যা বেড়েছে। বিশেষ করে পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ ও নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষদের মধ্যে গত কয়েক বছর ধরে শনাক্তের হার বেশি। এ বছর এসব জনগোষ্ঠীর মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে।
তার তথ্য অনুযায়ী, গত বছর এই দুই জনগোষ্ঠীর মধ্যে শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ, এবার তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে। তাদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জন শনাক্ত হয়েছেন। ফলে আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন।