রংপুর প্রেস ক্লাবের বারান্দায় বোমা সদৃশ একটি বস্তু রেখে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্যাকেটটি সেখানে রেখে দ্রুত চলে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে প্যাকেটের ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। রোববার ২৯ নভেম্বর সকালে প্রতিদিনের মতো রংপুর প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিক্রি করছিলেন হকার জাকির হাসানসহ কয়েকজন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি হঠাৎ একটি প্যাকেট প্রেস ক্লাবের বারান্দার দিকে ছুড়ে দেন। প্যাকেটটি জাকির হাসানের পায়ে এসে লাগে। পরে তিনি সেটি সরিয়ে রাখার সময় দেখতে পান, ভেতরে রশি দিয়ে বাঁধা বোমা সদৃশ একটি বস্তু রয়েছে।
বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। খবর পেয়ে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তার আওতায় নেন। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বস্তুটি রেখে চলে গেছে। সেটি নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুটির ভেতরে কী রয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। এটি বোমা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এখন পর্যন্ত ওই দুই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্তও শুরু হয়েছে। পুলিশের ধারণা, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই বস্তুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। কারণ ঘটনাস্থলের কাছেই একটি মন্দির রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী সফর করেছেন। এ ছাড়া জায়গাটি রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। তাই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এদিকে উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর এর প্রকৃত ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এসআরবি-১৩ সদর কোম্পানির সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান। তিনি বলেন, এখনো বস্তুটির পরীক্ষা করা হয়নি। পরীক্ষা ও তদন্তের পরই নিশ্চিতভাবে জানা যাবে এটি আসলে কী। তিনি আরও জানান, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সদস্য ও সংশ্লিষ্ট দল মাঠে কাজ করছে। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।