অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির কর্তৃপক্ষ। শনিবার (২৮ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিষয়টি বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার শুরু থেকেই বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে বাঁধনের ওপর হামলার ঘটনাটি পরে বাংলাদেশ ও ইতালিতে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনারও জন্ম দেয়। একপর্যায়ে বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও উত্থাপিত হয়।
গত সেপ্টেম্বরে এক সোমবার সন্ধ্যায় ভেনিসে এ হামলার ঘটনা ঘটে। সেদিন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হরাইজনস বিভাগে প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে লিডো থেকে মূল ভূখণ্ডে ফেরেন বাঁধন। পরে ভাই, ভাবি ও ছোট্ট ভাগনেকে নিয়ে রাতের খাবারের জন্য বের হন তিনি। এ সময় ভিয়া রিজার্দি সড়কে প্রায় ১০ জন বাংলাদেশি তাঁদের ঘিরে ধরেন বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা বাঁধনকে হুমকি ও গালিগালাজ করেন এবং তাঁকে লক্ষ্য করে নারীবিদ্বেষী মন্তব্য করেন বলেও অভিযোগ ওঠে।
একপর্যায়ে বাঁধনের দিকে ডিম ছুড়ে মারা হয়। তাঁর শরীরে কোকাকোলা ও পানি ঢেলে দেওয়া হয়। এমনকি তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটি দিয়েও তাঁকে আঘাত করা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী। পরে হামলাকারীদের একজন বাঁধনের গালে চড় মারেন। এতে তাঁর চশমা মাটিতে পড়ে যায়। এ সময় অভিনেত্রীর ভাই ও ভাবি তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। অন্যদিকে, হামলাকারীদের কয়েকজন নিজেদের মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন।
ঘটনার পর নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সরাসরি এসে বিষয়টি জানান বাঁধন। হামলাকারীদের শনাক্ত করতে সহায়তার জন্য তিনিও ঘটনার কিছু ভিডিও সংরক্ষণ করেন। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। এখন তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরুর খবর প্রকাশের পর ভেনিসের সেই হামলার ঘটনাটি আবারও আলোচনায় এসেছে।