সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন নারী ও শিশুসহ ৩১৭ জন। কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের বহনকারী একটি কাঠের ট্রলার আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানব পাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে লোকজনকে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ট্রলারটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। একপর্যায়ে কোস্ট গার্ডের সদস্যরা ট্রলারটিকে থামার সংকেত দিলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। সেখানে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এরপর ট্রলার থেকে নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক। একই সঙ্গে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার হওয়া নারী, শিশু ও অন্য সবাই বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে টেকনাফে প্রেস ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।