সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার পাচ্ছে না: রিজভী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৫ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৫ সময়

সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, শুধু প্রশাসনেই নয়, গণমাধ্যমের ভেতরেও একটি পক্ষ বিভ্রান্তি ছড়িয়ে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে।


শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী অভিযোগ করেন, আগুন-সন্ত্রাস, রক্তপাত ও হত্যার মতো ঘটনা ঘটলেও পরিস্থিতি মোকাবিলায় সরকার যে সহনশীলতা দেখাচ্ছে এবং গণতন্ত্র ও মানবাধিকারের নীতি অনুসরণ করছে, তা গণমাধ্যমে যথাযথভাবে প্রকাশ পাচ্ছে না।


পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন প্রচারণাকেও পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, শ্রমিকদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার পরও দেশের ব্যবসা-বাণিজ্য অন্যত্র চলে যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে। এটি সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিত প্রচারণার অংশ।


সংবাদমাধ্যমের প্রতি তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণমাধ্যমের উচিত প্রকৃত তথ্য তুলে ধরা। বস্তুনিষ্ঠ সংবাদ যত বেশি প্রকাশিত হবে, গণমাধ্যম তত শক্তিশালী হবে এবং গণতন্ত্রও তত মজবুত হবে। অন্যদিকে, অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিদিনের সহিংসতা ও রক্তপাতের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতির চিত্র আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, প্রতিবেশী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো বাংলাদেশের অস্থিতিশীলতায় ইন্ধন দিচ্ছে।


এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের ঘোষণা দিয়েছেন রিজভী। তিনি জানান, দুপুর ১২টার মধ্যে নেতাকর্মীদের সমাবেশস্থলে উপস্থিত হতে হবে। বেলা ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে। রিজভী বলেন, বিজয় দিবসের চেতনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে অনুপ্রাণিত করবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯