মালয়েশিয়ায় পরিচয়, এরপর টিকটকের মাধ্যমে নিয়মিত যোগাযোগ—সেই যোগাযোগই একসময় গড়ায় প্রেমে। আর শেষ পর্যন্ত সেই প্রেমের সম্পর্ক পূর্ণতা

টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪৪ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪৪ সময়

মালয়েশিয়ায় পরিচয়, এরপর টিকটকের মাধ্যমে নিয়মিত যোগাযোগ—সেই যোগাযোগই একসময় গড়ায় প্রেমে। আর শেষ পর্যন্ত সেই প্রেমের সম্পর্ক পূর্ণতা পেয়েছে বিয়েতে। যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি।


পারিবারিক তথ্য ও কাবিননামা অনুযায়ী, গত ২৩ নভেম্বর যশোরের আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কে নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে বিয়েটি নিবন্ধিত করা হয়। পরদিন কাবিননামা নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করা হয়। কাবিননামা অনুযায়ী, ১৯৯৯ সালে জন্ম নেওয়া বর-কনে দুজনেরই দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। সোহাগ হুসাইন শার্শার ডুবপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিন দম্পতির ছোট ছেলে। তিনি গত ২৮ অক্টোবর দেশে ফেরেন। আর নুর হায়াতি তার বাবা আমরান বিন আহমাদ ও মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমানকে সঙ্গে নিয়ে ১৯ নভেম্বর বাংলাদেশে আসেন।


সোহাগ জানান, কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় যান তিনি। সেখানে কাজ শুরু করার পর বর্তমানে কুয়ালালামপুরে তার একটি কারখানা ও ঠিকাদারি ব্যবসা রয়েছে। এক পরিচিত ব্যক্তির দোকানে যাতায়াতের সময় সেখানেই প্রথম নুর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়। নুর হায়াতির বাবা ওই দোকানের মালিক। পরে টিকটকের মাধ্যমে দুজনের ফোন নম্বর বিনিময় হয়। মালয় ভাষায় নিয়মিত কথাবার্তা বলতে বলতে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। সোহাগের কাছ থেকে নুর হায়াতি কিছু বাংলা ভাষাও শেখেন।


এরপর নুর হায়াতির মা-বাবার সঙ্গে সোহাগের পরিচয় ও কথা হয়। তারা সোহাগকে পছন্দ করার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। মালয়েশিয়ান পুত্রবধূকে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সোহাগের মা নেলুফা ইয়াসমিন। তিনি জানান, নুর হায়াতি কিছুটা বাংলা বুঝতে ও বলতে পারেন। তবে তার মা-বাবা বাংলা বুঝতে পারেন না। বাংলাদেশে এসে তারা সঙ্গে করে আনা শুকনো খাবারের পাশাপাশি ডিম ও নুডলস বেশি খাচ্ছেন।


বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নুর হায়াতির মা-বাবা দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে সোহাগ ও নুর হায়াতি আরও প্রায় এক মাস বাংলাদেশে থাকবেন বলে জানিয়েছে পরিবার। সোহাগ আরও জানান, কুয়ালালামপুরে নুর হায়াতির একটি সুপারশপ রয়েছে। তার শ্বশুর সাত সন্তানের প্রত্যেককে আলাদা ব্যবসাপ্রতিষ্ঠান করে দিয়েছেন। বাংলাদেশে অবস্থান শেষে মালয়েশিয়ায় ফিরে নিজেদের ব্যবসা পরিচালনা করবেন এই নবদম্পতি। সেখানেই স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা রয়েছে তাদের।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯