পৃথিবীর গভীরে থাকা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর কিছু অংশ ধীরে ধীরে ভূপৃষ্ঠের দিকে উঠে আসছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে এই ধাতুগুলো পৃথিবীর ওপরের স্তরে পৌঁছাতে পারে—হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়শিলা বিশ্লেষণ করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তিন বছর ধরে হাওয়াইয়ের ব্যাসল্ট শিলা নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছান। গবেষণাটি গত বছর বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়।
গবেষকদের মতে, সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা অত্যন্ত উত্তপ্ত গলিত পাথর বা ম্যাগমার প্রবাহের সঙ্গে পৃথিবীর গভীর স্তর থেকে বিভিন্ন ধাতুও ওপরে উঠে আসে। এভাবেই হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলোর সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই ভূতাত্ত্বিকদের ধারণা ছিল, পৃথিবীর গলিত কেন্দ্র পুরোপুরি বিচ্ছিন্ন নয়। কেন্দ্রের কিছু উপাদান ধীরে ধীরে ওপরের পাথুরে স্তর বা ম্যান্টলে মিশে যেতে পারে। নতুন গবেষণায় সেই ধারণার পক্ষে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে।
গবেষকদের তথ্যমতে, পৃথিবীতে থাকা মোট সোনার ৯৯ দশমিক ৯৫ শতাংশেরও বেশি রয়েছে গলিত কেন্দ্রে। সেখানে সোনার পাশাপাশি প্লাটিনামের মতো ভারী ধাতুও রয়েছে। প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় উল্কাপিণ্ডের সংঘর্ষের মাধ্যমে এসব মূল্যবান ধাতুর বিশাল ভান্ডার তৈরি হয়। গবেষণায় বলা হচ্ছে, সেই বিশাল ভান্ডার থেকে সামান্য পরিমাণ সোনা ধীরে ধীরে ওপরের স্তরে উঠে আসছে। তবে এই সোনা খনন করে তোলার সুযোগ মানুষের বর্তমান প্রযুক্তিতে নেই।
কারণ পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের সীমানা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮৯৭ কিলোমিটার গভীরে। অথচ মানুষের তৈরি সবচেয়ে গভীর কূপের গভীরতা মাত্র ১২ দশমিক ৩ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের ওই সীমানা মানুষের খনন করা গভীরতম গর্তের চেয়েও প্রায় ২৩৬ গুণ গভীরে। বিজ্ঞানীদের ধারণা, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে এই ধাতু পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হতে ৫০ কোটি থেকে ১০০ কোটি বছর পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ প্রক্রিয়াটি অত্যন্ত ধীর হলেও এখনো চলমান। ফলে দীর্ঘ সময়ের ব্যবধানে পৃথিবীর ওপরের স্তরে থাকা সোনার মজুত প্রাকৃতিকভাবেই কিছুটা পূরণ হতে পারে।