শত্রুপক্ষের ড্রোন মোকাবিলা এবং স্বল্প দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানার উপযোগী তিন ধরনের নতুন ছোট আকারের ড্রোন উন্মোচন করেছে ইরান। শনিবার মাশহাদে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর সামরিক সক্ষমতা ও অর্জন নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে ড্রোনগুলো প্রদর্শন করা হয়। ইরানের বার্তা সংস্থা ওয়ানা শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। নতুন ড্রোনগুলোর নাম ‘সায়েহ’, ‘গাসেদাক’ ও ‘মিনিয়েচার সুইসাইড ড্রোন’। নকশা, আকার, পরিচালনা পদ্ধতি এবং আকাশে ওড়ার সক্ষমতার দিক থেকে প্রতিটির বৈশিষ্ট্য আলাদা।
‘সায়েহ’ চারটি রোটরযুক্ত ছোট আকারের ড্রোন। শত্রুপক্ষের ছোট ড্রোন প্রতিরোধের পাশাপাশি নজরদারি ও টহলের কাজেও এটি ব্যবহার করা যাবে। ড্রোনটিতে থার্মাল ইমেজিং প্রযুক্তি থাকায় রাতের অন্ধকার কিংবা প্রতিকূল আবহাওয়াতেও কার্যক্রম চালানো সম্ভব। এর কার্যকর পাল্লা ১০ কিলোমিটার। ওজন ২ কেজি এবং সর্বোচ্চ ১ কেজি ওজনের সরঞ্জাম বহন করতে পারে এটি। ঘণ্টায় ৪৫০ থেকে ৬০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম ড্রোনটি একটানা প্রায় পাঁচ মিনিট আকাশে থাকতে পারে। বিভিন্ন ধরনের পৃষ্ঠ থেকে এটি উড্ডয়ন করতে পারে। এমনকি বড় ড্রোনের সাহায্যেও বহন করে আকাশে উৎক্ষেপণ করা সম্ভব।
দ্বিতীয় ড্রোনটির নাম ‘গাসেদাক’। লক্ষ্যবস্তুর আশপাশে চক্কর দিয়ে উপযুক্ত সুযোগে হামলা চালানোর জন্য এটি তৈরি করা হয়েছে। ইলেকট্রনিক যুদ্ধের ফলে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলেও ড্রোনটি কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম। এতে রয়েছে স্বয়ংক্রিয় উড্ডয়ন নিয়ন্ত্রণ এবং আলোক-তড়িৎ প্রযুক্তির মাধ্যমে লক্ষ্য শনাক্ত করার ব্যবস্থা। ফলে নিয়ন্ত্রকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ কিংবা স্যাটেলাইটভিত্তিক অবস্থান নির্ণয় ছাড়াই এটি নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে।অন্য ড্রোন অথবা বড় উড়োজাহাজ থেকে ‘গাসেদাক’ উৎক্ষেপণ করা যাবে। এর পাল্লা ৪০ থেকে ৫০ কিলোমিটার, ওজন ১৩ কেজি এবং সর্বোচ্চ ৩ কেজি ওজনের সরঞ্জাম বহনের সক্ষমতা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে উড়তে পারে এটি। একটানা প্রায় ৪৫ মিনিট আকাশে অবস্থান করতে সক্ষম।
তৃতীয় ড্রোন ‘মিনিয়েচার সুইসাইড ড্রোন’-এর নকশার সঙ্গে যুক্তরাষ্ট্রের সুইচব্লেড ৩০০ ড্রোনের বেশ কিছু সাদৃশ্য রয়েছে। জিপিএস সংকেত ছাড়াও এটি পরিচালিত হতে পারে। স্বয়ংক্রিয় দিকনির্দেশনা ও ছবি ধারণের প্রযুক্তি ব্যবহার করে নিজের অবস্থান নির্ধারণ এবং লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে ড্রোনটি। ফলে স্যাটেলাইট যোগাযোগের ওপর নির্ভরশীলতা কমে আসে। এর পাল্লা প্রায় ২০ কিলোমিটার, ওজন ২ দশমিক ৮ কেজি এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। একটানা প্রায় পাঁচ মিনিট উড়তে পারে এটি।
আইআরজিসির মহাকাশ বাহিনীর তৈরি নতুন ড্রোনগুলোর মূল উদ্দেশ্য ছোট আকাশযানের হুমকি মোকাবিলা এবং স্বল্প ও মাঝারি দূরত্বে আক্রমণ পরিচালনা করা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন সংঘাতে ছোট ড্রোনের ব্যবহার ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে তুলনামূলক কম ব্যয়ে ড্রোন প্রতিরোধী প্রযুক্তি ও কৌশলগত ড্রোন তৈরি সামরিক বাহিনীগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঘোষিত সক্ষমতা অনুযায়ী, ইরানের নতুন ড্রোনগুলো স্থলবাহিনীর বিভিন্ন চাহিদা পূরণের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ছোট ড্রোনের আক্রমণ মোকাবিলায় ভূমিকা রাখতে পারে।