চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল

এলএনজি আমদানিতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে: উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:৪১ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:৪১ সময়

চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। ফলে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে এলএনজি সংগ্রহ করতে হচ্ছে সরকারকে। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি জানান, গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ কারণে সরকারের বাড়তি ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এলএনজি আমদানিতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে আয়োজিত চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের জীবাশ্ম জ্বালানির চাহিদার উল্লেখযোগ্য অংশ আমদানির মাধ্যমে মেটানো হয়। ফলে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে বাংলাদেশের অর্থনীতিতেও তার সরাসরি প্রভাব পড়ে। জ্বালানি আমদানিতে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা খরচ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানা পরিচালনার ব্যয় বেড়ে যায়। এর প্রভাব শেষ পর্যন্ত পণ্য ও সেবার মূল্য এবং মূল্যস্ফীতিতে গিয়ে পড়ে।

সরকার আর্থিকভাবে চাপে থাকা এবং আমদানিনির্ভর একটি জ্বালানি খাতের দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ বাবদ ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণের সময় দেশে ডিজেলের মজুত ছিল ১৭ দিনের। বর্তমানে সেই মজুত বাড়িয়ে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। ধাপে ধাপে ৯০ দিনের চাহিদা মেটানোর উপযোগী জ্বালানি মজুত গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য থেকে বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে পূরণের লক্ষ্য রয়েছে সরকারের।

দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়িতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণ করতে সক্ষম একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯