দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল, কলেজ

উপবৃত্তির আওতায় আসছেন দেশের ৭৩ লাখের বেশি ছাত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:১২ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:১২ সময়
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া প্রত্যেক ছাত্রী উপবৃত্তি পাবেন। একই সঙ্গে বিনা বেতনে পড়াশোনার সুযোগও নিশ্চিত করা হবে। পাশাপাশি দেশের পিছিয়ে থাকা আরও ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তি কর্মসূচির অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন এই উদ্যোগের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী উপবৃত্তির সুবিধা পাবেন, যা সংশ্লিষ্ট স্তরের মোট ছাত্রীর শতভাগ। এর ফলে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজারে, অর্থাৎ প্রায় এক কোটি। অন্যদিকে, প্রচলিত দারিদ্র্যভিত্তিক যাচাইয়ের মাধ্যমে ছাত্রদেরও উপবৃত্তি দেওয়া হবে। এ কর্মসূচিতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা। বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ বা হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রামের পরিধি বাড়িয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটির প্রধান উদ্দেশ্য হলো নারী শিক্ষার প্রসার ঘটানো, শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুসারে সবার জন্য বিনা বেতনে শিক্ষা নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বাসসকে বলেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চালু করা উপবৃত্তি কর্মসূচি দেশের আর্থসামাজিক পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও নারী শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রীদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার ফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছিল। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই সফল উদ্যোগের ধারাবাহিকতায় দেশজুড়ে শতভাগ ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার কার্যক্রম পুনরায় চালু হতে যাচ্ছে। মাহদী আমিনের ভাষ্য, শিক্ষা খাতকে আধুনিক ও যুগোপযোগী করতে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিস্তার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

উপবৃত্তি কর্মসূচিতে ব্যয় বাড়ছে
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অধীনে পরিচালিত ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীর মাধ্যমে কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। একই সঙ্গে এর ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৮ অক্টোবর অর্থ বিভাগ এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দেয়। পরে ১১ নভেম্বর অর্থ বিভাগ সংশোধিত ডকুমেন্ট অনুমোদন করে এবং ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন জারি করে। কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত মূল মেয়াদ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। তৃতীয় সংশোধনীতে প্রকল্পের ব্যয় ছিল ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকা। চতুর্থ সংশোধনীতে তা বাড়িয়ে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৬ সালের জুন পর্যন্ত এ কর্মসূচিতে প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা। আর্থিক অগ্রগতির হিসাবে যা মোট বরাদ্দের ৭৪ শতাংশ। ২০২৬-২৭ অর্থবছরে স্কিমটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে শুধু উপবৃত্তি খাতেই ব্যয় হবে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা। কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছেন। তাঁদের মধ্যে ৩৯ লাখ ১৬ হাজার ছাত্রী এবং ২৬ লাখ ৯ হাজার ছাত্র ছিলেন। নতুন সংশোধিত পরিকল্পনায় ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী ও ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর অধ্যাপক সাদেক আহমেদ খান বাসসকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে এবং অর্থ ছাড়ও করা হয়েছে।

উপবৃত্তি কার্যক্রমের শুরু যেভাবে
কর্মসূচির কাঠামোগত তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’সহ চারটি পৃথক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি দেওয়া শুরু হয়। পরবর্তী সময়ে ২০০২ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি চালু করা হয়। এরপর সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি প্রকল্পগুলো একীভূত করে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে তোলা হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শতভাগ ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের মেয়েদের পড়াশোনার খরচের চাপ কমবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর আর্থসামাজিক ক্ষমতায়ন এবং এসডিজি-৪ বাস্তবায়নের অগ্রগতিও ত্বরান্বিত হবে।

উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার
নতুন ব্যবস্থায় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি সুবিধা পেলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ের কারণে কোনো ছাত্রীকে উপবৃত্তি থেকে বাদ দেওয়া হবে না। ভবিষ্যৎ তথ্যভান্ডার তৈরি ও গবেষণার প্রয়োজনে তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। অন্যদিকে, অসচ্ছল পরিবারের ছাত্রদের বাছাইয়ের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২-এর ৩০টি প্রশ্নের ভিত্তিতে নির্ধারিত ওয়েইটেজ ও কাট-অফ মার্কস পদ্ধতি বহাল থাকবে। বিশেষ অগ্রাধিকার পাবেন প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছিটমহলের বাসিন্দা এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা। তাঁরা শতভাগ উপবৃত্তির সুবিধার আওতায় থাকবেন।

শতভাগ উপবৃত্তির আওতায় আসছে ২২ উপজেলা
দেশের পিছিয়ে থাকা ১০টি উপজেলার সঙ্গে নতুন করে আরও ১২টি উপজেলা যুক্ত করা হচ্ছে। ফলে মোট ২২টি উপজেলার যোগ্য সব ছাত্রছাত্রী শতভাগ উপবৃত্তি পাবেন। উপজেলাগুলো হলো—নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা। তবে উপবৃত্তির সুবিধা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় অন্তত ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত অবিবাহিত থাকা।

সরাসরি হিসাবে পৌঁছাবে উপবৃত্তির টাকা
কর্মসূচির অর্থ বিতরণ করা হবে জিটুপি বা সরকার থেকে ব্যক্তি পদ্ধতিতে। এ জন্য শিক্ষার্থীদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং বায়োমেট্রিক নিবন্ধিত সিমের তথ্য যাচাই করা হবে। এরপর আইবাস++ ব্যবস্থার মাধ্যমে উপকারভোগী অথবা তাঁদের অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে অর্থ পাঠানো হবে। আগে থেকেই উপবৃত্তি পাওয়া ছাত্রীদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন হবে না। তবে নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের এনআইডি ও নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে কেওয়াইসি সম্পন্ন করতে হবে। প্রয়োজনে যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খোলা যাবে, যা শিক্ষার্থীর ১৮ বছর বয়স পূর্ণ হলে হালনাগাদ করা হবে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বাসসকে বলেন, জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের হিসাবে উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি এবং বই কেনার অর্থ পাঠানো হবে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে কর্মসূচিটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্যগত জটিলতার কারণে প্রায় ১৬ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাননি। তাঁদের বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগও নেওয়া হয়েছে।

বাস্তবায়নে রয়েছে কিছু প্রতিবন্ধকতা
সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব ছাত্রীকে উপবৃত্তির পাশাপাশি টিউশন ফি সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তি, টিউশন ফি, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির বই কেনার অর্থ বিতরণের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ চলছে।রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সব ছাত্রী এবং দারিদ্র্য ও মেধার ভিত্তিতে নির্বাচিত ছাত্ররা এ সুবিধা পাবেন। তবে কর্মসূচি বাস্তবায়নে কিছু জটিলতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রাজধানী ও বিভাগীয় শহরের নামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনেকগুলো নির্ধারিত হারের চেয়ে বেশি টিউশন ফি আদায় করে। এ কারণে কিছু প্রতিষ্ঠান উপবৃত্তি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে এবং প্রয়োজনীয় তথ্য দিতে অনীহা প্রকাশ করতে পারে। এতে এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক অধ্যাপক সাইফুল আলম বাসসকে বলেন, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে দ্রুতগতিতে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বেশি বেতন নেওয়া কিছু শিক্ষাপ্রতিষ্ঠান উপবৃত্তি কর্মসূচিতে যুক্ত হতে আগ্রহী নয়। ফলে সেসব প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপকারভোগী হওয়ার সুযোগ হারাতে পারেন। এ সমস্যা সমাধানে কার্যকর বাধ্যতামূলক নির্দেশনা প্রয়োজন বলে তিনি মনে করেন।

অর্থ বিভাগ নির্ধারিত কাঠামো অনুযায়ী, শ্রেণিভেদে শিক্ষার্থীরা মাসে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত উপবৃত্তি পাবেন। পাশাপাশি টিউশন ফি হিসেবে দেওয়া হবে ৩৫ থেকে ৮০ টাকা। দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও বই কেনার জন্য ১ হাজার থেকে দেড় হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে শিক্ষার্থীপ্রতি বছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯