বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এখন নিজ দেশেই অস্তিত্বের হুমকির মুখে। একসময় ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যার মধুর শিসে মুখর হয়ে উঠত বাংলার প্রকৃতি, সেই সাদা-কালো পালকের চঞ্চল পাখিটির দেখা এখন ক্রমেই কমে আসছে। প্রকৃতির পরিচিত সুর ও সৌন্দর্যের অংশ দোয়েল আজ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে। পরিবেশবিদ ও পাখি গবেষকদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে গাছ কাটা এবং কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে দোয়েলের সংখ্যা উদ্বেগজনকভাবে কমছে। কীটনাশকের প্রভাবে পাখিটির প্রধান খাদ্য পোকামাকড় ও কীটপতঙ্গ ধ্বংস হচ্ছে। ফলে খাদ্যসংকটে পড়ে অনেক দোয়েল বেঁচে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ছে। বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের কাছে দোয়েল অনেকটা বইয়ের পাতায় দেখা একটি পাখির নামমাত্র। শহরের ইট-পাথরের বিস্তারে সবুজ পরিবেশ কমে যাওয়ার পাশাপাশি হারিয়ে যাচ্ছে দোয়েলেরও পরিচিত উপস্থিতি। জাতীয় পাখির নাম জানলেও বাস্তবে অনেক শিশুরই পাখিটি দেখার সুযোগ হচ্ছে না। স্বাধীনতার পর দেশের পাখিদের মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিবেচনা করে দোয়েলকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়। এ সিদ্ধান্তের পেছনে প্রধানত পাঁচটি কারণ ছিল।
প্রথমত, দেশের প্রায় সব অঞ্চলে দোয়েলের বিচরণ ছিল। গ্রাম, শহর, পাহাড় ও বনাঞ্চল—বিভিন্ন পরিবেশে সহজেই পাখিটির দেখা মিলত। এ কারণে সব শ্রেণি-পেশার মানুষের কাছে এটি পরিচিত হয়ে উঠেছিল।
দ্বিতীয়ত, জাতীয় পাখি নির্বাচনের সময় বিশ্বের অন্য কোনো দেশ দোয়েলকে জাতীয় পাখি হিসেবে গ্রহণ করেনি। ফলে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয়ের প্রতীক হিসেবে পাখিটি বিশেষ গুরুত্ব পায়।
তৃতীয়ত, দোয়েল শহরের ব্যস্ত জনবসতি থেকে শুরু করে নিরিবিলি বনাঞ্চল—দুই ধরনের পরিবেশেই মানিয়ে নিতে পারে। চতুর্থত, এর সুমধুর শিস, সাদা-কালো পালক এবং লম্বা লেজ উঁচিয়ে চঞ্চলভাবে চলাফেরা করার ভঙ্গি পাখিটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
চতুর্থত, দোয়েল পতঙ্গভুক হওয়ায় ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। একই সঙ্গে প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে।
জাতীয় পাখির প্রতি সম্মান জানিয়ে রাজধানী ঢাকায় নির্মাণ করা হয়েছে ঐতিহ্যবাহী দোয়েল চত্বর। দেশের দুই টাকার নোটেও স্থান পেয়েছে পাখিটির ছবি। এভাবেই বাংলাদেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের সঙ্গে দোয়েল বিশেষভাবে জড়িয়ে আছে। তবে দোয়েলের বিচরণ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক পাখিবিষয়ক সংস্থা বার্ডলাইফ ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ১৫টি দেশে এ পাখির দেখা মেলে। দোয়েলের দৈর্ঘ্য প্রায় ২০ সেন্টিমিটার এবং ওজন আনুমানিক ৪০ গ্রাম। পুরুষ দোয়েলের শরীরের ওপরের অংশ ও গলার নিচের দিক কালো এবং পেট সাদা। ডানার দুই পাশে রয়েছে সাদা ছোপ। অন্যদিকে স্ত্রী দোয়েলের শরীরের ওপরের অংশ ও গলার নিচে ছাই রঙের আভা থাকে এবং পেটের সাদা অংশ তুলনামূলক অনুজ্জ্বল। মার্চ থেকে জুলাই মাস দোয়েলের প্রজননকাল। এ সময় গাছের কোটর, দেয়ালের ফাঁক কিংবা পাইপের ভেতরে ঘাস ও পাতা দিয়ে বাসা তৈরি করে। সেখানে সাধারণত চার থেকে পাঁচটি সবুজ রঙের ডিম পাড়ে। ডিম পাড়ার প্রায় ১২ থেকে ১৩ দিন পর সেখান থেকে ছানা বের হয়।
দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় দোয়েলের বিচরণ রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও ফিলিপাইনেও পাখিটি পাওয়া যায়। এ ছাড়া চীনের দক্ষিণাঞ্চল ও তাইওয়ানেও এর উপস্থিতি রয়েছে। বিভিন্ন দেশে স্থানীয়ভাবে দোয়েল ভিন্ন ভিন্ন নামে পরিচিত। ভারতে এটি ‘দাহিয়াল’, শ্রীলঙ্কায় ‘পোলকিচ্চা’ এবং দক্ষিণ থাইল্যান্ডে ‘বিনলা’ নামে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নগরায়ণের কারণে গ্রাম ও শহর—উভয় জায়গাতেই দোয়েলের প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হচ্ছে। গ্রামাঞ্চলে পুরোনো গাছ ও বাঁশঝাড় কেটে ফেলা এবং শহরে বহুতল ভবনের বিস্তার পাখিটির বাসা তৈরি ও নিরাপদে বংশবিস্তারের সুযোগ কমিয়ে দিচ্ছে। এ ছাড়া মোবাইল টাওয়ার থেকে নির্গত তড়িৎচৌম্বকীয় তরঙ্গ পাখির দিকনির্ণয় ও প্রজননে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে কিছু উদ্বেগ রয়েছে। পাশাপাশি আইন থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে দোয়েল শিকার, খাঁচায় বন্দি করা এবং কেনাবেচার প্রবণতাও পাখিটির সংখ্যা কমার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। প্রকৃতিতে দোয়েলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষতিকর পোকামাকড় খেয়ে পাখিটি কৃষকের উপকার করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ফলে দোয়েলের সংখ্যা কমে গেলে ক্ষতিকর পোকার বিস্তার বাড়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
দেশের বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণের জন্য রয়েছে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’। এ আইন অনুযায়ী দেশীয় বন্য পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। বন্য পাখি শিকার ও বিক্রির তথ্য সংগ্রহ এবং এ ধরনের অপরাধ দমনে বন অধিদপ্তরের অধীনে কাজ করছে বিশেষায়িত ‘বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট’। জাতীয় পাখি দোয়েলকে রক্ষায় পরিবেশবিদেরা কয়েকটি কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। কৃষিতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব সমন্বিত বালাই ব্যবস্থাপনা চালু করা, নগর পরিকল্পনায় সবুজ এলাকা ও করিডোর নিশ্চিত করা এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করা জরুরি। পাশাপাশি পার্ক ও বনাঞ্চলের গাছে মাটির হাঁড়ি কিংবা কৃত্রিম পাখির বাসা স্থাপনের মাধ্যমে দোয়েলের নিরাপদ আবাস তৈরির সুপারিশ করেছেন তাঁরা। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দোয়েল কেবল বাংলাদেশের একটি জাতীয় পাখি নয়; এটি দেশের পরিচয়, প্রকৃতি ও লোকজ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দোয়েল হয়তো বাস্তব প্রকৃতির পাখি হিসেবে নয়, বরং পাঠ্যবইয়ের ছবি ও মুদ্রার নকশাতেই পরিচিত হয়ে থাকবে।