দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বড় ধরনের প্রণোদনা ঘোষণা করেছে সরকার। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই দেশে আনার ক্ষেত্রে

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১.২৫ শতাংশ প্রণোদনা পাবেন বাংলাদেশিরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:২১ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:২১ সময়

দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বড় ধরনের প্রণোদনা ঘোষণা করেছে সরকার। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই দেশে আনার ক্ষেত্রে ভূমিকা রাখা বাংলাদেশি নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। তবে এই সুবিধা পেতে বিনিয়োগের পরিমাণ হতে হবে কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নীতিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয় এবং সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।


নীতিমালা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিসহ দেশের নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি এই প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন। তবে সুবিধাটি কেবল নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ বিদ্যমান শেয়ারহোল্ডারের অতিরিক্ত শেয়ার কেনা কিংবা একই প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ করলে প্রণোদনা পাওয়া যাবে না। তবে কোনো বিনিয়োগকারী নিজের বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তা বিবেচনায় আসবে।


প্রণোদনা পেতে বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট পোর্টালে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর পাওয়া যাবে একটি স্বতন্ত্র লিড নিবন্ধন পরিচয় নম্বর। এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে। আবেদন মূল্যায়নে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারী ও বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের সম্পৃক্ততা থাকা যাবে না। এমনকি বিনিয়োগের আগের দুই বছরেও তাদের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক থাকা চলবে না।


প্রণোদনার অর্থ দেওয়া হবে দুই ধাপে। আবেদন অনুমোদন ও বৈদেশিক বিনিয়োগের অর্থ নিশ্চিত হওয়ার পর প্রথমে মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর। তখন কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি বা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি এবং বিনিয়োগের ইক্যুইটি বহাল আছে কি না, তা যাচাই করা হবে। বিনিয়োগের অর্থ বৈধ ও স্বচ্ছ কি না, তা যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহার করা হবে। নগদ অর্থ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এই সুবিধার আওতায় পড়বে না।


প্রণোদনা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পর্যালোচনা কমিটি এবং আবেদন যাচাইয়ের জন্য একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। অর্থ বিভাগের এফডিআই প্রণোদনা তহবিল থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় অর্থ দেওয়া হবে। তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে এই অর্থ দেশের বাইরে পাঠাতে পারবেন। এদিকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিবছর আবেদন, বিতরণ করা প্রণোদনা এবং এফডিআই-সংক্রান্ত তথ্য নিয়ে একটি ডাটাবোর্ড প্রকাশ করবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। নীতিমালা কার্যকর হওয়ার আগে দেশে আসা ইক্যুইটি এফডিআইয়ের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯