বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের আবারও দায়িত্ব গ্রহণে স্বস্তি ফিরেছে ইসরায়েলের প্রযুক্তি খাত ও অর্থনীতিতে। তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর কারণ, যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় ইসরায়েলে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সরকারি রাজস্ব আয়েও প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য অবদান রয়েছে। আলজাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ব্যক্তিগত জীবনের বিতর্কের কারণে গত ১২ নভেম্বর দায়িত্ব ছাড়ার মাত্র ১১ দিন পর গত সোমবার আবারও এনভিডিয়ার সিইও ও প্রেসিডেন্ট পদে ফিরে আসেন জেনসেন হুয়াং। তাঁর এই প্রত্যাবর্তন বিশ্ব প্রযুক্তি অঙ্গনের পাশাপাশি ইসরায়েলেও স্বস্তি তৈরি করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এনভিডিয়া ও ইসরায়েলের প্রযুক্তি খাতের অংশীদারত্ব উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ মূল্য তৈরি করেছে। একই সঙ্গে দেশটির উদ্ভাবননির্ভর অর্থনীতিও এ সম্পর্ক থেকে লাভবান হচ্ছে। হুয়াংয়ের নেতৃত্ব অব্যাহত থাকা এই অংশীদারত্ব এবং বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের জন্য ইতিবাচক খবর। বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য নিয়ে এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর কোম্পানি। বিশ্বজুড়ে গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) বাজারের প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে। এ প্রযুক্তি এআই ডেটা সেন্টার পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
জেনসেনের প্রত্যাবর্তনে ইসরায়েলে স্বস্তি
যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার বৃহত্তম গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের কেন্দ্র ইসরায়েল। গত তিন বছরে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে, বর্তমানে যা প্রায় ছয় হাজার। তেল আবিব, ইয়োকনিয়াম, জেরুজালেম, রা'আনানা ও বেরশেবায় প্রতিষ্ঠানটির সাতটি গবেষণা ও উন্নয়নকেন্দ্র রয়েছে। এ ছাড়া হাইফার কাছাকাছি কিরিয়াত তিভোনে একটি বড় ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা করছে এনভিডিয়া। সেখানে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। ইসরায়েল ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে এনভিডিয়ার অবদান ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট হতে পারে। প্রতিষ্ঠানটির অবদান বাদ দিলে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৬ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৪ শতাংশে দাঁড়াতে পারে। আগামী বছর প্রবৃদ্ধিতে প্রতিষ্ঠানটির অবদান আরও বেড়ে ২ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আগামী জানুয়ারিতে শেষ হতে যাওয়া অর্থবছরে এনভিডিয়া ইসরায়েলকে প্রায় ১ দশমিক ২৯ বিলিয়ন ডলার কর দিয়েছে। ২০২৬ সালে দেশটির মোট সরকারি কর আয়ের প্রায় ৩ শতাংশ প্রতিষ্ঠানটি থেকে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশের পর তেল আবিবের শেয়ারবাজারে প্রাথমিকভাবে অস্থিরতা দেখা দিয়েছিল। তবে দিনের শেষ দিকে প্রধান সূচকগুলো আবার ঘুরে দাঁড়ায়। ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এনভিডিয়ার নেতৃত্বে অনিশ্চয়তা দেশটির অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উদ্বিগ্ন ছিলেন।
এনভিডিয়ার কাছে ইসরায়েলের গুরুত্ব
এনভিডিয়া ও ইসরায়েলের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ২০২০ সালে প্রায় ৭ বিলিয়ন ডলারে ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান মেলানক্স অধিগ্রহণ। মেলানক্স এমন প্রযুক্তি সরবরাহ করে, যার মাধ্যমে ডেটা সেন্টারে একাধিক জিপিইউ দ্রুতগতির নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা যায়।২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসা থেকে আয় হয়েছে ২১ বিলিয়ন ডলারের বেশি। প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় ১৮ শতাংশ এসেছে এই খাত থেকে।
অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি বিতর্ক
তবে এনভিডিয়ার সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনাও রয়েছে। আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির এক পর্যালোচনায় বলা হয়েছে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী এনভিডিয়ার জেটসন ও ডিজিএক্সসহ বিভিন্ন এআই প্রযুক্তি ব্যবহার করছে। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, এসব প্রযুক্তি সামরিক অভিযানে ব্যবহৃত হয়ে থাকতে পারে। তাদের দাবি, ইসরায়েলের ব্যবহৃত এআই ব্যবস্থা ফিলিস্তিনিদের শনাক্ত করা এবং সামরিক লক্ষ্য নির্ধারণের কাজে ভূমিকা রাখছে। এর ফলে এনভিডিয়ার প্রযুক্তি সম্ভাব্য যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সব মিলিয়ে জেনসেন হুয়াংয়ের এনভিডিয়ায় প্রত্যাবর্তন ইসরায়েলের প্রযুক্তি খাত ও অর্থনীতির জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তবে গাজায় সামরিক অভিযানে প্রতিষ্ঠানটির প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার নিয়ে মানবাধিকার ও নৈতিকতার প্রশ্নও নতুন করে আলোচনায় এসেছে।