কাউকে হাই তুলতে দেখলেই নিজেরও হাই চলে আসে! এমনকি শুধু হাই তোলার শব্দ শুনলে কিংবা এ নিয়ে ভাবলেও একই ঘটনা ঘটতে পারে। আবার হাই তোলার সময় অনেকের চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু কেন এমন হয়? এর পেছনে রয়েছে মস্তিষ্ক, মুখের পেশি এবং চোখের বেশ কিছু স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতে, হাই তোলার সময় চোখে পানি আসার পেছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে একটি সম্ভাব্য কারণ হলো মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ। ২০১৩ সালের একটি গবেষণায় বলা হয়েছিল, হাই তোলার মাধ্যমে মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা থাকতে পারে। তবে মানুষ ঠিক কেন হাই তোলে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিজ্ঞানীরা।
আরেকটি কারণ হলো মুখের পেশির সংকোচন। হাই তোলার সময় মুখ ও চোখের চারপাশের পেশি শক্ত হয়ে যায়। এতে চোখের অশ্রু তৈরি করা গ্রন্থির ওপর চাপ পড়ে। ফলে অনেকের অজান্তেই চোখে পানি জমে বা গড়িয়ে পড়ে। এ ছাড়া যাদের চোখ শুষ্ক থাকে, অর্থাৎ ড্রাই আইয়ের সমস্যা রয়েছে, তাদের হাই তোলার সময় চোখ দিয়ে পানি পড়ার প্রবণতা বেশি হতে পারে। কারণ চোখে প্রয়োজনীয় আর্দ্রতা না থাকলে সুরক্ষার জন্য চোখ অতিরিক্ত পানি তৈরি করতে পারে। ধুলাবালি, অ্যালার্জি, ঠান্ডা বা শুষ্ক আবহাওয়া এবং ফ্যান কিংবা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বাতাসও এ সমস্যার কারণ হতে পারে।
তবে সবার হাই তোলার সময় চোখে পানি আসে না। একই ব্যক্তিরও প্রতিবার হাই তোলার সময় চোখে পানি নাও আসতে পারে। এটি নির্ভর করে চোখের অবস্থা, অশ্রু তৈরির পরিমাণ এবং পারিপার্শ্বিক পরিবেশের ওপর। অন্যদিকে, একজনের হাই অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ার ঘটনাটিও বিজ্ঞানীদের কাছে বেশ আগ্রহের বিষয়। গবেষণায় দেখা গেছে, অন্যকে হাই তুলতে দেখলে, হাইয়ের শব্দ শুনলে কিংবা এ নিয়ে ভাবলেও নিজের হাই আসতে পারে। পরিচিত বা কাছের মানুষের হাই দেখলে এই প্রবণতা আরও বেশি দেখা যায়। এর সঙ্গে মানুষের সহমর্মিতার সম্পর্ক রয়েছে বলেও গবেষণায় উঠে এসেছে।
সাধারণত হাই তোলার সময় চোখে পানি আসা উদ্বেগের বিষয় নয়। তবে হঠাৎ চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়তে শুরু করলে, জ্বালাপোড়া বা খচখচানি হলে কিংবা কয়েক দিন ধরে অস্বস্তি থাকলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ অ্যালার্জি, চোখের সংক্রমণ বা শুষ্ক চোখের সমস্যাও এর পেছনে থাকতে পারে। অর্থাৎ, হাই তোলার সময় চোখে পানি আসা শুধু একটি সাধারণ অভ্যাসের অংশ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে চোখ ও মস্তিষ্কের জটিল শারীরিক প্রক্রিয়া।