হরমুজ প্রণালিতে ইরানের দেওয়া নৌ চলাচলের নির্দেশনা না মানায় অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর একটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি ছিল। অন্য দুটি ছিল প্রণালির পূর্বাঞ্চলে। নৌ-মাইনে আঘাতের পর জাহাজগুলোতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র এসব তেলবাহী ট্যাংকারকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালি পার করানোর চেষ্টা করেছিল। এর মাধ্যমে প্রণালিতে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে ওয়াশিংটন বলে অভিযোগ করেছে তেহরান। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালির পুরো এলাকা বন্ধ রয়েছে এবং তা ইরানের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের অধীনে রয়েছে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী আরও সতর্ক করে বলেছে, অনুমতি ছাড়া বিকল্প নৌপথ ব্যবহার করা কিংবা সমুদ্রপথে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করা যাবে না। তাদের ভাষ্য, ইরানের নির্দেশনা অমান্য করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে এমন পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আল-জাজিরা।