যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। কয়েক দশকের মার্কিন কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির অভিযোগ

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। কয়েক দশকের মার্কিন কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। একই সঙ্গে নৌ অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ ইরান মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরানের রয়েছে।


অন্যদিকে ইরানের বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা মামলায় দেশটির বিভিন্ন আদালত থেকে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের পক্ষে রায় পাওয়া গেছে। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য এই অর্থ দাবি করা হচ্ছে। ইরানের অভিযোগ, উপসাগরীয় কয়েকটি আরব দেশও ইরানে হামলা চালানোর জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছে। এ অভিযোগে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে।


এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ দেশটির অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করেছে। ইরানের আমদানি ও রপ্তানির ৮০ শতাংশের বেশি পণ্য হরমুজ প্রণালি অথবা দক্ষিণাঞ্চলীয় বন্দর দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বাণিজ্যিক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবরোধের কারণে বিকল্প বাণিজ্যপথ খুঁজছে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।


এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।


যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাও এখনো বড় কোনো অগ্রগতি পায়নি। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ করলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হবে।


সূত্র: আলজাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯