যশোরের কেশবপুরে এক সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন সদস্য তাঁকে

কেশবপুরে এনসিপির হাতে মারধরের পর সাংবাদিককে গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৫৪ সময় , আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৫৪ সময়
যশোরের কেশবপুরে এক সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন সদস্য তাঁকে মারধর করে বিকেলে পুলিশের কাছে সোপর্দ করেন। সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন (২৫) মোহনা টিভির যশোর জেলা প্রতিনিধি। তাঁর বাড়ি যশোরের কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামে। পরিবারের অভিযোগ, রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌর এলাকায় পৌঁছালে এনসিপির সদস্যরা মামুনকে আটক করে মারধর করেন। পরে ওই দিন বিকেলে তাঁকে কেশবপুর থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে এবং বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করে বিভিন্ন পোস্ট দিতেন বলে অভিযোগ করেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতে এনসিপির সদস্যরা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। মামুনকে মারধরের বিষয়ে জানতে চাইলে সম্রাট বলেন, তাঁকে আটক করা ব্যক্তিদের কাছ থেকে দু-একটি চড়থাপ্পড় দেওয়ার কথা শুনেছেন তিনি। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

মামুনের বাবা সোলায়মান হোসেন ছেলের মুক্তি দাবি করে বলেন, তাঁর ছেলে কোনো অপরাধ করেননি। এরপরও তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওসি হাফিজুর রহমান আরও জানান, সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। এদিকে, সাংবাদিককে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ নেতারা জানান, আবদুল্লাহ আল মামুন তাঁদের সংগঠনের সদস্য। তাঁদের দাবি, রোববার বিকেলে কেশবপুরে একদল লোকের সংঘবদ্ধ হামলার মাধ্যমে তাঁকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানানো হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯