জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটছে—এমন অভিযোগ তুলে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, এসব হামলার পেছনে পরিকল্পিতভাবে কাজ করছে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে। রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
এ ছাড়া এর আগে সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের অভিযোগ তোলেন নাহিদ। এসব ঘটনাকে জুলাইয়ের নেতৃত্বের ওপর ধারাবাহিক হামলা হিসেবে উল্লেখ করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নাহিদ ইসলামের অভিযোগ, একের পর এক হামলার ঘটনা ঘটলেও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা হামলাকারীদের আরও বেপরোয়া করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জুলাইয়ের নেতৃত্ব, শহিদ পরিবার এবং আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চোরাগোপ্তা হামলা প্রতিরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং প্রতিটি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।