আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে করা এক মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে আজ সোমবার ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে তাঁকে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হতে হবে। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে সশরীরে হাজির হয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য ৪ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে হাজির হতে পারেননি ফুয়াদ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁর আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আরও সময় চান। পরে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
যে বক্তব্যকে কেন্দ্র করে এই আদালত অবমাননার অভিযোগ, সেটি দিয়েছিলেন এবি পার্টির একটি অনুষ্ঠানে। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে কথা বলার একপর্যায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন। তাঁর ওই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে। এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, ফুয়াদের বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পরই আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার কার্যক্রম শুরু করেন। এখন আজকের শুনানিতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তাঁর ওই মন্তব্যের কী ব্যাখ্যা দেন এবং ট্রাইব্যুনাল তাঁর বক্তব্যকে কীভাবে বিবেচনা করে, সেদিকেই নজর থাকবে।