ফ্যাসিবাদের পতনের সময় রাজপথে নেমে এসেছিল শিশু থেকে তরুণ, বৃদ্ধ—সব বয়সের মানুষ। সেই আন্দোলনের যোদ্ধাদের নিয়ে এবার বড় মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতির প্রয়োজন হলে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে।b রোববার অস্ট্রেলিয়ায় এক অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশজুড়ে চলমান সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই শেষ হবে। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে যখন সরকারের পাশাপাশি সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা ছিল, তখনও তারা দেশে টিকে থাকতে পারেনি। এখন তারা আবার দেশে ফিরতে চায়—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, দেশে ফিরতে চাইলে তারা আগে দেশ ছেড়ে চলে গিয়েছিল কেন? অতীতে দেশে নির্বিচারে গুম ও হত্যার ঘটনা ঘটলেও তখন ‘ভালো আওয়ামী লীগের’ কেউ কথা বলেননি বলেও অভিযোগ করেন তিনি। এখন অনেকে নিজেদের ভালো হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন মন্তব্য করে তিনি বলেন, জাতি তাদের ভালোভাবেই চিনে গেছে। তাই নতুন করে ভালো সাজানোর চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
এদিকে, গণভোটে দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান পরিবর্তনের অভিযোগও তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকার অবস্থান পরিবর্তন করলেও বিরোধীদল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষ যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, সেই রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে ঘোষণা দেন তিনি। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথাও জানান তিনি। প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রবাসীরা দেশের জন্য অত্যন্ত গর্বের। কিন্তু দেশে ফেরার সময় বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাদের হয়রানি ও দুর্ভোগের শিকার হতে হয়। এটিকে পুরো জাতির জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
জুলাইয়ের আন্দোলন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তার দল কখনো এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি। অনেকেই এখন জুলাইয়ের আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি যে আন্দোলনের মাধ্যমে এভাবে সরকারের পতন হতে পারে। সবশেষে তার বক্তব্যে উঠে আসে জুলাইয়ের সেই গণআন্দোলনের যোদ্ধাদের প্রসঙ্গ। জাতির প্রয়োজনে তারা আবারও ফিরে আসতে পারেন—ডা. শফিকুর রহমানের এই মন্তব্য ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।