বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি ও সাংগঠনিক সক্ষমতা জোরদার করতে নতুন করে ১৪ হাজার পদ সৃষ্টির অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র

জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:৩১ সময় , আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:৩১ সময়
বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি ও সাংগঠনিক সক্ষমতা জোরদার করতে নতুন করে ১৪ হাজার পদ সৃষ্টির অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুমোদিত পদের মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) রয়েছেন।নতুন পদগুলো সৃষ্টির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি নেওয়ার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনও পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতের আওতায় অস্থায়ীভাবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ যুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, পুলিশের কার্যক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেই এসব পদ সৃষ্টি করা হয়েছে। এ খাতে প্রয়োজনীয় অর্থ পুলিশের বাজেটের নির্ধারিত বরাদ্দ থেকে ব্যয় করা হবে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের দেওয়া শর্ত এবং প্রচলিত বিধিবিধান মেনে নিয়োগের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডের অন্তর্ভুক্ত। এসব পদের বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুসরণ করে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে, নতুন ১০ হাজার কনস্টেবল পদ রাখা হয়েছে ১৭তম গ্রেডে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শারীরিকভাবে যোগ্য হতে হবে। এ নিয়োগে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। পরে অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর অনুমোদন দেয়। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সম্মতি নেওয়া হয়েছে। এদিকে, কনস্টেবল নিয়োগের একটি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ কার্যক্রমের সূচনা হয় এবং ৩০ অক্টোবর আবেদন জমা দেওয়ার সময় শেষ হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে দেশজুড়ে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। চলমান নিয়োগ কার্যক্রমে আগে থেকে শূন্য থাকা ২ হাজার কনস্টেবল পদের সঙ্গে নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। বাকি ৬ হাজার পদ পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, নতুন করে অনুমোদন পাওয়া ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন গ্রহণ ও পরীক্ষার তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পুলিশের মাঠপর্যায়ের দায়িত্ব পালনে কনস্টেবল ও এসআই পদ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনস্টেবলরা আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত থাকেন। আর এসআইরা অপরাধ তদন্ত, মামলা-সংক্রান্ত কার্যক্রম, আসামি গ্রেপ্তার এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টদের ধারণা, নতুন ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশ বাহিনীর বিদ্যমান জনবল সংকট কমবে। একই সঙ্গে অপরাধ দমন এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে এ নিয়োগ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সূত্র: বাসস

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯