ইসলাম গ্রহণের পর আবারও পবিত্র মক্কায় ছুটে গেলেন ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সুজা। ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেছেন তিনি। মক্কায় ওমরাহ পালনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সুজা ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলে যোগ দেন। প্রায় দেড় বছর সৌদি আরবে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালন করেছিলেন এই ফুটবলার। কয়েক মাসের ব্যবধানেই আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করলেন তিনি।
সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম ক্যাথলিন সুজার। ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের হয়ে সেন্টারব্যাক হিসেবে খেলেন তিনি। নিজের শহরে নারীদের ফুটবলে সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সুজা। সেখানে পড়াশোনার পাশাপাশি কলেজ পর্যায়ের ফুটবলেও অংশ নেন।
পড়াশোনা শেষে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন তিনি। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন সুজা। ইউরোপের ফুটবলে দীর্ঘ সময় কাটানোর পর ২০২৪ সালে সৌদি আরবের আল নাসরে যোগ দেন তিনি। পরে ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরবের আরেক ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সুজার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় আল নাসরের নারী দল একটি ভিডিও প্রকাশ করে তার নতুন জীবনের এই অধ্যায়ের কথা জানায়। ভিডিওটির ক্যাপশনে তার জন্য স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়। শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালনের কয়েক মাসের মধ্যেই আবারও মক্কার পবিত্র ভূমিতে ফিরলেন ক্যাথলিন সুজা। এবারও ওমরাহ পালনের মুহূর্তগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।