শেখ হাসিনার দেশে ফেরাকে কেন ‘প্রত্যাবর্তন’ নয়, বরং ‘প্রত্যর্পণ ও আত্মসমর্পণ’ হিসেবে দেখছেন মাহফুজ আলম? আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার আগে দলটিকে কী শর্ত মানতে হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তা স্পষ্ট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর প্রতিষ্ঠাতা মাহফুজ আলম।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মাহফুজ আলম বলেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কোনো সাধারণ প্রত্যাবর্তন নয়। তার মতে, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। একই পোস্টে আওয়ামী লীগের প্রতি গত ১৭ বছরের শাসনের সত্য স্বীকার করে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। মাহফুজ আলমের বক্তব্য, সন্ত্রাস ও খুনের রাজনীতি থেকে সরে আসার ঘোষণা, ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার এবং বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা পুনর্মিলনের আলোচনা সম্ভব নয়।
তিনি আরও জানান, সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের মধ্যে সম্ভবত তিনিই প্রথম সমঝোতার কথা তুলেছিলেন। তবে তার অভিযোগ, আওয়ামী লীগের মধ্যে এখনো বিন্দুমাত্র অনুশোচনা বা আত্মপর্যালোচনা দেখা যাচ্ছে না। মাহফুজ আলম আশঙ্কা প্রকাশ করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে দেশের অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তার দাবি, সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত থাকলে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে শিল্প ও বাণিজ্য, আর জীবন ও সম্পদের যে ক্ষতি হবে, তার দায় আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকে নিতে হবে।
এদিকে সীমান্তপারের সন্ত্রাসের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মাহফুজ আলম। তার এই বক্তব্যে আবারও স্পষ্ট হলো, আওয়ামী লীগের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার প্রশ্নে তিনি শর্তহীন কোনো সমঝোতার পক্ষে নন; বরং অতীতের কর্মকাণ্ডের স্বীকৃতি, বিচার এবং সন্ত্রাসের রাজনীতি ত্যাগকে তিনি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে দেখছেন।