কুষ্টিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আসিফ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আসিফ চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি খালপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। সে চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা পৌর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় তার ভাই আকিব গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসিফ ও আকিব চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বল্লভপুর মাঠপাড়া এলাকায় তার চাচাতো বোনের ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে দাওয়াত খেতে আসছিলেন। শুক্রবার দুপুরের দিকে বাড়ি উদ্দেশ্যে রওনা হয়ে বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের একটি চেকপোস্টে তাকে থামতে বলে। কিন্তু তার গাড়ির লাইসেন্স না থাকার কারণে তিনি পালানোর চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় মোটরসাইকেল চালক আসিফ ও তার ভাই আকিব আহত হন। পরে তাদেরকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসিফের মৃত ঘোষণা করেন। এঘটনায় আকিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, হালসা এলাকায় পুলিশের চেকপোস্ট ছিল। ভয়ে পালানোর সময় বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ নিহত হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি ও তার চালককে আটক করা হয়েছে।