প্রতিকূল আবহাওয়ার কারণে কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।

বৈরী আবহাওয়ায় দ্বীপ ছাড়তে পারছেন না,পর্যটকদের ভোগান্তি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫৬ সময় , আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫৬ সময়
প্রতিকূল আবহাওয়ার কারণে কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। নির্ধারিত সময়ে গন্তব্যে ফিরতে না পেরে তাঁদের বাড়তি আবাসন ও খাবারের খরচ বহন করতে হচ্ছে। একই সঙ্গে আগে থেকে বুকিং দেওয়া বাসসহ অন্যান্য পরিবহনের টিকিট নিয়েও আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ঢাকার বনশ্রী এলাকার শরিফুল হোসাইন ১২ বন্ধুকে নিয়ে দুই দিনের ভ্রমণে সেন্টমার্টিনে গিয়েছিলেন। বুধবার ও বৃহস্পতিবার দ্বীপে ঘোরাঘুরি শেষে শুক্রবার তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু জাহাজ চলাচল বন্ধ থাকায় অন্য পর্যটকদের মতো তাঁরাও সেখানে আটকা পড়েছেন। শরিফুল হোসাইন জানান, শুক্রবার বিকেল চারটার জাহাজে তাঁদের কক্সবাজারে ফেরার পরিকল্পনা ছিল। সেখান থেকে ঢাকায় ফেরার বাসের টিকিটও আগে থেকে কাটা ছিল। কিন্তু জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপ ছাড়তে পারছেন না তাঁরা। ফলে বাসের টিকিট বাতিল করতে হচ্ছে এবং অতিরিক্ত সময় অবস্থানের খরচও বহন করতে হচ্ছে।

শরিফুলের মতো দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেড়াতে আসা বহু পর্যটক নির্ধারিত সময়ে ফিরতে না পেরে দ্বীপে অবস্থান করছেন। তাঁদের হোটেলভাড়া ও খাবারের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি পূর্বনির্ধারিত পরিবহন বুকিংয়ের অর্থ ফেরত পাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক পর্যটক জানান, সেন্টমার্টিনে আটকে পড়ায় তাঁদের জরুরি কাজ ও অন্যান্য পরিকল্পনা ব্যাহত হচ্ছে। দ্বীপ থেকে বের হওয়ার সুযোগ না থাকায় ভোগান্তিতে পড়েছেন তাঁরা। আরেক পর্যটক বলেন, দুই দিনের ভ্রমণের পরিকল্পনা থাকলেও সময়মতো ফিরতে না পারায় পুরো সূচি বদলে গেছে। এতে অতিরিক্ত খরচের পাশাপাশি পরিবারের সদস্যরাও তাঁদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

জাহাজ মালিক সমিতির তথ্য অনুযায়ী, সর্বশেষ বুধবার চারটি জাহাজে করে ১ হাজার ২০০ পর্যটক সেন্টমার্টিনে যান। এর আগে থেকেই দ্বীপটিতে অবস্থান করছিলেন আরও তিন শতাধিক পর্যটক। সব মিলিয়ে সেখানে প্রায় দেড় হাজার মানুষ আটকা পড়েছেন। পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের স্থানীয় হোটেল ও ব্যবসায়ীরা। আবাসন ভাড়ায় ছাড় দেওয়ার পাশাপাশি খাবারের মূল্যেও সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। স্থানীয় এক হোটেল ব্যবসায়ী জানান, দ্বীপের বিভিন্ন হোটেল ও কটেজে বর্তমানে এক হাজার থেকে দেড় হাজার পর্যটক অবস্থান করছেন। তাঁর মতে, পর্যটকদের থাকার ক্ষেত্রে বড় ধরনের কোনো অসুবিধা হচ্ছে না।

আরেক হোটেল ব্যবসায়ী বলেন, ২৪ ঘণ্টা জেনারেটর চালু রাখতে জ্বালানি বাবদ বাড়তি ব্যয় করতে হয়। তারপরও দ্বীপে আটকে পড়া পর্যটকদের কথা বিবেচনা করে তাঁরা সাধ্যমতো ছাড় দিচ্ছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাগরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল শুরু করা সম্ভব নয়। আবহাওয়া অনুকূলে এলেই কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে আবারও জাহাজ চলাচল শুরু হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯