ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশে তার

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪৩ সময় , আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪৩ সময়

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশে তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা ছিল উদ্দেশ্যপ্রণোদিত, আর সেই মামলার রাজনৈতিক প্রভাবের কারণেই তাকে ব্রিটিশ সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে তিনি অনৈতিক সুবিধা নিয়েছেন। পূর্বাচলে নিজের পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে একটি মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিল।


তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন লন্ডনে বসবাসরত টিউলিপ। ২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ হাস্যকর বলে দাবি করেছিলেন। তার বক্তব্য ছিল, শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের দ্বন্দ্বের পরোক্ষ শিকার হয়েছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে টিউলিপ আবারও নিজেকে উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার দাবি করেন। তিনি জানান, একজন আইনজীবীর সঙ্গে তার কথা হয়েছে এবং ওই আইনজীবীর পরামর্শ অনুযায়ী ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার যথেষ্ট ভিত্তি রয়েছে বলে তিনি মনে করছেন।


টিউলিপ বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক পর্যালোচনা করছেন এবং মামলা করার বিষয়টি বিবেচনা করছেন। তার অভিযোগ, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে তিনি একাধিকবার চেষ্টা করেছেন। এমনকি তার আইনজীবীরা বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠালেও কোনো জবাব পাননি বলে দাবি করেন তিনি।


টিউলিপ আরও জানান, লন্ডনের একটি হোটেলে অবস্থান করার সময় ড. মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন এবং সরাসরি দেখা করার চেষ্টা করেছিলেন। তবে ইউনূস তার সঙ্গে দেখা করতে রাজি হননি বলে দাবি করেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ বলেন, তাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। এমনকি সকালে ঘুম থেকে উঠে সংবাদমাধ্যমের ব্রেকিং নিউজ দেখেই সাজা হওয়ার বিষয়টি প্রথম জানতে পারেন বলেও দাবি করেন তিনি।


এদিকে ওই সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানান টিউলিপ। তবে তাকে নিয়ে রাজনৈতিক চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত স্টারমারই তাকে পদত্যাগের সিদ্ধান্ত দেন বলে জানান তিনি। টিউলিপের এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে এখন টিউলিপ শেষ পর্যন্ত সত্যিই আইনি পদক্ষেপ নেন কি না, এবং নিলে এর পরবর্তী আইনি ও রাজনৈতিক প্রভাব কী হয়, সেদিকেই নজর থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯