গোপালগঞ্জে একের পর এক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এবার হামলার শিকার হয়েছেন বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিক ও কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়। দুটি স্থাপনাতেই ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়া এলাকায় সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্লিনিকটির সামনে জড়ো হন। পরে তারা ক্লিনিকে ভাঙচুর চালান। একপর্যায়ে ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বিকেলে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়েও হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। একই সময় গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
এসব ঘটনার প্রভাব পড়েছে সড়ক যোগাযোগেও। ঢাকা-খুলনা মহাসড়কসহ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়। কাশিয়ানীতে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ম্যানেজার মিলন শেখ জানান, বুধবার দুপুর থেকেই তারা নিজেদের সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ রেখেছেন। সড়ক অবরোধ ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যাত্রী ও বাসের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান অভিযোগ করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি জানান, নিজের নিরাপত্তার পাশাপাশি জেলা পরিষদ ও ডাকবাংলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অনুরোধ জানিয়েছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করা হবে না।
ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বাস চলাচল বন্ধ রাখার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। গোপালগঞ্জে ক্লিনিক, রাজনৈতিক কার্যালয় ও ব্যাংক শাখায় হামলার পাশাপাশি সড়ক অবরোধের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকেই নজর রয়েছে।