এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতির মধ্যেই সামনে এসেছে বড় ধরনের আর্থিক হিসাবের ভুল। আগের হিসাব অনুযায়ী বরাদ্দ

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১ সময় , আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১ সময়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতির মধ্যেই সামনে এসেছে বড় ধরনের আর্থিক হিসাবের ভুল। আগের হিসাব অনুযায়ী বরাদ্দ চাওয়া হলেও যাচাই করতে গিয়ে ধরা পড়েছে গুরুতর অসংগতি। ফলে নতুন করে হিসাব তৈরি করছে শিক্ষা অধিদপ্তর। এতে নবম পে-স্কেল কার্যকরে কত টাকা প্রয়োজন হবে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নবম পে-স্কেল অনুযায়ী দিতে প্রাথমিকভাবে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন হবে বলে হিসাব দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।


এই হিসাবের ভিত্তিতে অর্থ বিভাগের কাছে অতিরিক্ত বরাদ্দও চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু পরবর্তী সময়ে হিসাব যাচাই করতে গিয়ে বড় ধরনের ভুল ধরা পড়ে। অর্থ বিভাগও চিঠি দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানায়। এরপর গত ১৭ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে দ্রুত সঠিক হিসাব তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে হিসাব তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যেই সংশোধিত হিসাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হতে পারে। নতুন হিসাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য আবারও অর্থ বিভাগে চিঠি পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। তবে আগের হিসাবের তুলনায় এবার ঠিক কত টাকা বেশি প্রয়োজন হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এদিকে, নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা কার্যকর করতে হলে পৃথক সরকারি আদেশ বা প্রজ্ঞাপন জারি করতে হবে। বিষয়টি ইতোমধ্যে অর্থ বিভাগকে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অর্থাৎ, নতুন পে-স্কেলে বেতন-ভাতা কার্যকরের আগে একদিকে যেমন সঠিক আর্থিক হিসাব চূড়ান্ত করতে হচ্ছে, অন্যদিকে প্রয়োজন হচ্ছে সরকারি প্রজ্ঞাপনের। ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকর হতে আরও কী কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর সবার।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯