আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সংলাপ সম্ভব নয়—এমন মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্য, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা হতে পারে, তবে সেটিকে কোনোভাবেই জাতীয় সংলাপ বলা যাবে না। একই সঙ্গে দলটির অপরাধের বিচার নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।
মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। জাতীয় সংলাপে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি দাবি করেন, দেশের ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক। শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও দলটির জনসমর্থন ২৫ শতাংশ ছিল বলে একটি জরিপের তথ্য উল্লেখ করেন তিনি। তার মতে, বিপুলসংখ্যক মানুষকে আলোচনার বাইরে রেখে কোনো সংলাপকে জাতীয় সংলাপ বলা যায় না।
তবে আওয়ামী লীগকে আলোচনার টেবিলে আনার আগে তাদের অপরাধ স্বীকার বা ক্ষমা চাওয়া উচিত কি না—এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, আগে তাদের আলোচনায় আনতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে বলেন, অবশ্যই করেছে। দলটির যেসব নেতা অপরাধ করেছেন, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করার পক্ষেও মত দেন তিনি। একই সঙ্গে আলোচনার টেবিলে এনে নিজেদের কর্মকাণ্ড নিয়ে তারা লজ্জিত বা অনুতপ্ত কি না, তা জানার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রুমিন ফারহানা বলেন, সামনের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত ও ঘোলাটে। রাজনীতিবিদদের আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে জানুয়ারির মধ্যে অনেক বিষয় পরিষ্কার হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তে থাকা দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ জানান রুমিন ফারহানা। তার মতে, রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকে সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে। রাজনীতিবিদদের মধ্যে স্বাভাবিক সৌজন্য ও পারস্পরিক যোগাযোগও কমে যাচ্ছে। এমন পরিস্থিতি দেশকে ভালো কোনো পরিণতির দিকে নিয়ে যাবে না বলেও সতর্ক করেন তিনি।