প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে হঠাৎ একান্ত বৈঠক—আর এই বৈঠক ঘিরেই দেশের রাজনীতিতে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৯ সময় , আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৯ সময়

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে হঠাৎ একান্ত বৈঠক—আর এই বৈঠক ঘিরেই দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আলোচনা। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতার এই বৈঠকে শুধু চা-আড্ডা নয়, দেশের চলমান পরিস্থিতি, রাজনৈতিক ঐক্য এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে বলে জানা গেছে।


বুধবার ১৮ নভেম্বর মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সংসদ ভবনে গিয়ে বৈঠকে বসেন তিনি।


সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বৈঠকটি ছিল একান্ত। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা—এই দুইজন ছাড়া সেখানে আর কেউ উপস্থিত ছিলেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে থেকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। একই সঙ্গে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তারা একমত হন।


বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন অমীমাংসিত বিষয়ও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ করে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়গুলোতে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে এসব বিষয়ে বৈঠকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, কিংবা আলোচনার ভিত্তিতে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে পরবর্তী সময়ে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—তা এখনো জানা যায়নি।


তবুও দুই শীর্ষ রাজনৈতিক নেতার এমন একান্ত বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কারণ, বৈঠকে শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, জাতীয় রাজনৈতিক ঐক্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, এটি কি কেবল প্রধানমন্ত্রীর আমন্ত্রণে একটি সৌজন্য বৈঠক, নাকি এর মধ্য দিয়ে সরকার ও বিরোধী দলের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে? আপাতত সেই উত্তর স্পষ্ট নয়। তবে বৈঠকের বিষয়বস্তু এবং দুই নেতার আলোচনার ধরনকে ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন পরবর্তী পদক্ষেপের দিকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯