ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার উদ্যোগ নিতে সরকারকে আইনি নোটিশ

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৬ সময় , আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৬ সময়

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার উদ্যোগ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার ১৮ নভেম্বর জনস্বার্থে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।


নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা রক্ষা এবং ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি এড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।


নোটিশদাতা জানিয়েছেন, এই উদ্যোগ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় এবং বর্তমান সরকার কিংবা শেখ হাসিনার পক্ষেও নয়। রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই নিরপেক্ষভাবে নোটিশটি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


এ ছাড়া ইয়েমেন ও ইউক্রেনের উদাহরণ টেনে নোটিশে বলা হয়েছে, কোনো সাবেক সরকারপ্রধানের বিদেশে অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক ও ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে ধাপে ধাপে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠানোর কথা বলা হয়েছে। সেখানে বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার আইনের আশ্রয় ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা চাওয়ার প্রস্তাব রয়েছে।


এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, হাইকমিশনে প্রবেশের পর তিনি বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন এবং এরপর পুলিশের একটি বিশেষ প্রশিক্ষিত দল তাকে আইনি হেফাজতে নেবে। দেশে ফেরানোর জন্য বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভ্রমণ অনুমতিপত্র ইস্যু এবং উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ বিমানে তাকে দেশে আনার প্রস্তাবও রয়েছে। পুরো যাত্রায় পুলিশের নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে।


দেশে ফেরার পর তার নিরাপত্তা ও অবস্থানের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ হাসিনার পৈতৃক বাসভবনকে বিশেষ উপ-কারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। ঢাকায় বিমান অবতরণের পর বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি সেখানে নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ ধারায় আপিলের সুযোগের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকা অবস্থায় শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।


দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম চালু রাখতে ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়েছে। অডিও-ভিডিও সংযোগের মাধ্যমে হাজিরা ও সাক্ষ্যগ্রহণ করা হলে নিরাপত্তাজনিত ঝুঁকি কমিয়ে বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে বলে নোটিশে মত দেওয়া হয়েছে। সবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করার হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯