দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। অনুমোদিত পদের প্রায় ৪৮ শতাংশই শূন্য পড়ে রয়েছে। ফলে প্রয়োজনের তুলনায় কম চিকিৎসক দিয়ে চলছে সাধারণ মানুষের চিকিৎসাসেবা। মঙ্গলবার ১৭ নভেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে এ চিত্র উঠে আসে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী এম এ মুহিত এ তথ্য জানান।
সংসদে জানানো হয়, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ১৩ হাজার ৩৬টি। এর মধ্যে কর্মরত আছেন মাত্র ৬ হাজার ৭৪৮ জন। বাকি ৬ হাজার ২৮৮টি পদ এখনো শূন্য রয়েছে। শুধু উপজেলা পর্যায়েই নয়, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতাল মিলিয়ে চিকিৎসকের মোট অনুমোদিত পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে ১১ হাজার ৩৩৬টি পদ খালি রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে ২১ হাজার ৬৫৬টি পদ শূন্য বলে সংসদে জানানো হয়েছে।
এদিকে, জাতীয় টিকাদান কর্মসূচির অগ্রগতির তথ্যও তুলে ধরেছে সরকার। হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এখন পর্যন্ত টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে পরিদর্শনের ভিত্তিতে নতুন ও নবায়ন মিলিয়ে ৮ হাজার ২৭৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
সংসদে আরও জানানো হয়, ২৫ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে হৃদ্রোগ ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে পুরুষদের মধ্যে এ ঝুঁকি বেশি। এদিকে নদীর নাব্য ও দূষণ নিয়েও সংসদে আলোচনা হয়েছে। সেতু নির্মাণের কারণে নদীর প্রশস্ততা কমে যাওয়া, চর জেগে ওঠা এবং পয়োনিষ্কাশনের বর্জ্যে বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদীর পানি দূষিত হওয়ার বিষয়টি তুলে ধরেন সংসদ সদস্যরা। জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, নদীদূষণ রোধে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের সমন্বয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া চলতি অর্থবছরে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জনকে সম্মানী দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এর আওতায় রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এই সুবিধা পাবেন। তবে আপাতত খতিবদের সম্মানীর আওতায় আনার পরিকল্পনা নেই। অন্যদিকে, ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ থাকবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। হজের ব্যয় কমাতে ভিসা ফি, ভ্যাটসহ বিভিন্ন খরচ নিয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।