প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, কিন্তু সেই তুলনায় নেই পর্যাপ্ত অবকাঠামো কিংবা নাগরিক সুবিধা। রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখন যাত্রীদের কাছে স্বস্তির বদলে ভোগান্তির কারণ হয়ে উঠেছে। বসার জায়গার সংকট, অপরিচ্ছন্ন শৌচাগার, হকারদের দখল, যানজট, চুরি-ছিনতাইয়ের আশঙ্কা এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিমানবন্দর স্টেশনে প্রতিদিন ৪২টি আন্তঃনগর ও ১৬টি লোকাল ট্রেন থামে। আপ-ডাউন মিলিয়ে প্রতিদিন ট্রেন চলাচলের সংখ্যা ১১৬টি। স্টেশন থেকে প্রতিদিন আন্তঃনগর ট্রেনের প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার এবং লোকাল ট্রেনের প্রায় দেড় হাজার টিকিট বিক্রি হয়। অনলাইনে বিক্রি হওয়া টিকিট এই হিসাবের বাইরে। সব মিলিয়ে প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ স্টেশনটি ব্যবহার করেন বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এত বিপুলসংখ্যক যাত্রীর জন্য স্টেশনে প্ল্যাটফর্ম রয়েছে মাত্র দুটি। অপেক্ষমাণ যাত্রীদের বসার ব্যবস্থাও প্রয়োজনের তুলনায় খুবই কম। নির্ধারিত আসন পূর্ণ হয়ে গেলে অনেককে মেঝেতে বসে কিংবা দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে হয়। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা। প্রথম শ্রেণির দুটি বিশ্রামাগারে আসন রয়েছে মাত্র ৫২টি। পাশাপাশি বিশ্রামাগার ও সাধারণ শৌচাগারের অপরিচ্ছন্নতা নিয়েও রয়েছে অভিযোগ।
স্টেশনের বাইরের চিত্রও খুব একটা স্বস্তিদায়ক নয়। প্রবেশপথের সামনে হকারদের দোকান, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের জটলায় বাধাগ্রস্ত হয় যাত্রীদের চলাচল। ফুটপাত ও প্রবেশপথের আশপাশ দখল হয়ে থাকায় অনেক সময় যানবাহনের ফাঁক দিয়ে স্টেশনে ঢুকতে হয়। নিয়মিত উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও স্থায়ীভাবে দখলমুক্ত রাখা যাচ্ছে না। নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। স্টেশন ও আশপাশে যাত্রীদের ব্যাগ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ রয়েছে। গত ৪ নভেম্বর রাতে ট্রেন থেকে নেমে বিমানবন্দরে যাওয়ার পথে এক যাত্রীর ব্যাগ থেকে পাসপোর্ট চুরি হয়। ওই যাত্রীর রাত ৩টায় ওমানগামী ফ্লাইট থাকলেও পাসপোর্ট হারিয়ে তিনি ফ্লাইট ধরতে পারেননি।
এর পাশাপাশি ফুটওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার প্রবণতাও দেখা যায়, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। টিকিট পরীক্ষার নামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। কয়েকজন যাত্রীর অভিযোগ, টিকিট না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক উপস্থিত থাকলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিকিট পরীক্ষায় সহযোগিতা করতে পারেন। তবে জরিমানা আদায়ের ক্ষমতা তাদের নেই। রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামানও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, উত্তরা, বসুন্ধরা ও আশপাশের এলাকায় আবাসিক বিস্তার এবং নতুন সড়ক যোগাযোগ চালু হওয়ায় স্টেশনটিতে যাত্রীর চাপ অনেক বেড়েছে। পুরোনো স্টেশনটির বর্তমান ধারণক্ষমতা এই বিপুলসংখ্যক যাত্রীর জন্য যথেষ্ট নয়। তাই অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।