যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন রাজনীতিককে হত্যার ষড়যন্ত্রের দায়ে এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রুকলিনের ফেডারেল আদালতে বিচারক এরিক আর কমিটি তাকে জাতীয় সীমানা অতিক্রম করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা এবং ভাড়াটে খুনির মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে এই সাজা দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ওই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে লোক নিয়োগের চেষ্টা করেছিলেন মার্চেন্ট। প্রসিকিউটরদের দাবি, ২০২৪ সালের পরিকল্পনায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ট্রাম্পের রিপাবলিকান দলীয় মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালিও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন।
গত মার্চে একটি ফেডারেল জুরি মার্চেন্টকে দোষী সাব্যস্ত করে। অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের মাটিতে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে তিনি দেশটিতে ভ্রমণ করেছিলেন। বিচারের সময় মার্চেন্ট দাবি করেন, ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর সঙ্গে তিনি এই ষড়যন্ত্রে জড়িয়েছিলেন। তবে তার ভাষ্য, তেহরানে থাকা নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্য অনিচ্ছাসত্ত্বেও তিনি এতে যুক্ত হন। তিনি আরও বলেন, তাকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি।
তবে হামলা বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো পরিকল্পনা ভেস্তে দেয়। ২০২৪ সালের এপ্রিল মাসে মার্চেন্ট যাকে ষড়যন্ত্রে সহযোগিতার জন্য নিয়োগের চেষ্টা করেছিলেন, সেই ব্যক্তি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে গোপন তথ্যদাতা হিসেবে কাজ করেন। পরে ওই বছরই মার্চেন্ট গ্রেপ্তার হন। অন্যদিকে, তেহরান ট্রাম্প বা অন্য কোনো মার্কিন কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা কিংবা হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: ডন