২৫ জানুয়ারি কালো দিন। এদিন বাকশাল প্রতিষ্ঠার দিন ছিল। চতুর্থ সংশোধনী মাত্র ১৫ মিনিটে পাস করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়। বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে দেয়া হয়েছিল সেদিন বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করে ৭ জানুয়ারিতে নির্বাচনের নামে তামাশা করে পুতুল খেলা করেছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ২৫ হাজার বিরোধী নেতাকর্মীদের মুক্তিতে জাতিসংঘের আহ্বানের পরও সরকার বিদেশি অভিনন্দন (স্বীকৃতি) ভিক্ষা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ক্ষমতার লোভে অন্ধ সরকার জন্মান্ধ ব্যক্তিদেরও ককটেল হামলার মামলা দিয়ে হয়রানি করছে। সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দেয়ার তারিখ শতবারের বেশি পেছানো হলেও বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় রাতের আঁধারে সাক্ষী ছাড়াই সাজা দেয়া হচ্ছে।
তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যকে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না এ কথা উল্লেখ করে এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে পাগল বলেও সম্বোধন করেন তিনি।
কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এ জন্য ডিএমপির কাছ থেকে মৌখিক অনুমতির কথা জানান রিজভী।