জাপান পরিবেশগত কারণ দেখিয়ে অর্থায়ন থেকে সরে যাওয়ার চার বছর পর কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় পর্ব

জাপানের ঋণ ছাড়াই মাতারবাড়ীতে নতুন কয়লাবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৮ সময় , আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৮ সময়

জাপান পরিবেশগত কারণ দেখিয়ে অর্থায়ন থেকে সরে যাওয়ার চার বছর পর কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় পর্ব নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনায় বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রের পাশে তৃতীয় ও চতুর্থ ইউনিট স্থাপন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৯ হাজার ৮৩৯ কোটি টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য অনুযায়ী, জাপানের পরামর্শে মাতারবাড়ী জ্বালানি হাবের নকশা করা হলেও পরিবেশগত কারণ দেখিয়ে দেশটি দ্বিতীয় পর্বের একটি বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন না করার সিদ্ধান্ত নেয়। এরপর সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করে। এ লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে।


প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ১৭ হাজার ৫১১ কোটি টাকা সরকারি কোষাগার থেকে এবং বাকি ২ হাজার ৩২৮ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। এতে কোনো বিদেশি অর্থায়ন রাখা হয়নি। প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ১২২ টাকা ৯৮ পয়সা ধরে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৬১ কোটি ডলার। প্রকল্পের মেয়াদ প্রস্তাব করা হয়েছে ২০৩০ সালের সেপ্টেম্বর পর্যন্ত। অনুমোদন পেলে নির্মাণকাজ শুরু করবে সংশ্লিষ্ট সংস্থা। নতুন দুই ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা হবে ৬০০ মেগাওয়াট। ফলে দ্বিতীয় পর্বে মোট ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যুক্ত হবে। এ জন্য ইতিমধ্যে প্রকৌশল পরামর্শক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ।


এর আগে ২০২২ সালের ২২ জুন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে আন্তর্জাতিক আলোচনার পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এবং বাংলাদেশের সঙ্গে পরামর্শ করে মাতারবাড়ী প্রকল্পের দ্বিতীয় পর্বে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় ঋণ দেওয়ার প্রক্রিয়া আর এগিয়ে নেওয়া হবে না। বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তার ভাষ্য, প্রস্তাবিত কেন্দ্রটি গ্যাস কিংবা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস দিয়ে চালানোর সুযোগ প্রায় নেই বললেই চলে। তাই কয়লাভিত্তিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম পর্বের অনুমোদন দেওয়া হয় ২০১৪ সালের আগস্টে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার ঋণসহায়তায় সেখানে ৬০০ মেগাওয়াট করে দুটি ইউনিট স্থাপন করা হয়। প্রকল্পের আওতায় কয়লা খালাসের জেটি, নৌ চ্যানেল এবং আবাসন সুবিধাও তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম ইউনিটে কয়লাভিত্তিক পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় ২০২৩ সালের আগস্টে।


সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুযায়ী, প্রথম পর্বের ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রাক্কলিত ব্যয় ৫৬ হাজার ৬৯৩ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রকল্প ঋণ রয়েছে ৪৭ হাজার ৯৪৫ কোটি ৩ লাখ টাকা। তবে দ্বিতীয় পর্বের সম্পূর্ণ ব্যয় দেশীয় উৎস থেকেই মেটানোর পরিকল্পনা করেছে সরকার। এদিকে প্রথম পর্বের জাপানি ঋণের একটি কিস্তির অর্থ ব্যবহারের পাশাপাশি তা পরিশোধের দায়িত্ব নির্ধারণে সরকার ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের মধ্যে সহায়ক ঋণচুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত সপ্তাহে অর্থ বিভাগকে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯