চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ থাকা ১১টি শিল্পকারখানা পুনরায় চালু এবং চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে পদযাত্রা

চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫০ সময় , আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫০ সময়

চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ থাকা ১১টি শিল্পকারখানা পুনরায় চালু এবং চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে পদযাত্রা করেছেন প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী। দীর্ঘদিন ধরে কারখানাগুলো বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া এসব শ্রমিক এখন পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। সোমবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে পদযাত্রা শুরু করেন তারা। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমবেত হন শ্রমিকদের প্রতিনিধিরা। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন তারা।


স্মারকলিপিতে শ্রমিকেরা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে শুরু করে। পরবর্তী সময়ে ব্যাংকিং জটিলতা, কাঁচামালের সংকটসহ নানা কারণে কারখানাগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর মালিকপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সমস্যার সমাধান পাননি তারা। শ্রমিকদের দাবি, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতার কারণে নতুন করে ঋণপত্র বা এলসি খোলা যাচ্ছে না। ফলে আমদানিনির্ভর কারখানাগুলোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এসব জটিলতা দূর করে পর্যাপ্ত চলতি মূলধনের ব্যবস্থা করা গেলে কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরতে পারে।


তারা আরও জানান, দীর্ঘদিন ধরে আয়-রোজগার বন্ধ থাকায় শ্রমিকদের পরিবারে তীব্র আর্থিক সংকট তৈরি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানো এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে সরকারি উদ্যোগ ছাড়া কারখানাগুলো চালু করা এবং শ্রমিক-কর্মচারীদের কর্মস্থলে ফিরিয়ে আনা কঠিন হবে বলে মনে করছেন তারা। এ কারণে বন্ধ ১১টি কারখানা দ্রুত চালু, চাকরিচ্যুত শ্রমিকদের পুনরায় কাজে নিয়োগ এবং সংশ্লিষ্ট আর্থিক জটিলতা নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনকারীরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯