আসন্ন বিজয় দিবস শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে দেশজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে রাজধানীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল এবং দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হবে বিশেষ নিরাপত্তাবলয়। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ জন্য স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরার সরাসরি সংযোগ থাকবে ঢাকা মহানগর পুলিশ এবং সংশ্লিষ্ট পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে। নাশকতা, বিশৃঙ্খলা কিংবা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ সব গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বঙ্গভবনে আয়োজিত বিজয় দিবসের সংবর্ধনায় আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশি চালানো হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলগুলোতেও নেওয়া হবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। দিবসটি ঘিরে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি প্রস্তুত রাখার সিদ্ধান্তও হয়েছে। প্রস্তুতিমূলক সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।