দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জের সাম্প্রতিক অপরাধ ও সহিংসতার ঘটনা তুলে ধরে তিনি অভিযোগ করেছেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে খুলনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, গত সাড়ে ১০ মাসে খুলনায় ৭৭টি হত্যাকাণ্ড ঘটেছে। জেলার আটটি থানায় ১৮১ জন সন্ত্রাসী সক্রিয় রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, আর নিরাপত্তার দাবিতে চিকিৎসকদেরও রাস্তায় নামতে হচ্ছে। চাঁদাবাজির ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, প্রধানমন্ত্রী কিংবা পুলিশের মহাপরিদর্শকের সফরেও সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ হচ্ছে না। নগর প্রশাসক ও বিএনপি নেতাদের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, পরিস্থিতির উন্নতি না হলে মানুষ খুলনায় থাকতে চাইবে না। একজন সংসদ সদস্যের ভাষায়, খুলনা এখন ‘মৃত নগরী’।
কুষ্টিয়ার পরিস্থিতি নিয়েও অভিযোগ তোলেন এনসিপির এই নেতা। তাঁর দাবি, মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় দুই উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হন। গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি লেখেন, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি করেন তিনি।
তিন জেলার ঘটনা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ৬৪ জেলার বাংলাদেশের মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরেছেন তিনি। বাকি ৬১ জেলার পরিস্থিতি নিয়ে কিছু না বললেও চলে বলে মন্তব্য করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এত ঘটনার পরও মন্ত্রী দাবি করছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দৃশ্যমান কোনো অবনতি হয়নি।
এ প্রসঙ্গে জর্জ অরওয়েলের উপন্যাস ‘১৯৮৪’-এর ‘মিনিস্ট্রি অব ট্রুথ’ বা সত্য মন্ত্রণালয়ের উদাহরণ টানেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, উপন্যাসে ওই প্রতিষ্ঠানের কাজ ছিল রাষ্ট্রের সুবিধামতো সত্যকে বিকৃত করা। স্বরাষ্ট্রমন্ত্রীও যেন একই ভূমিকা পালন করছেন বলে কটাক্ষ করেন তিনি। পোস্টের শেষাংশে এনসিপির এই নেতা অভিযোগ করেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত। জর্জ অরওয়েল ‘১৯৮৪’ উপন্যাসটি কল্পকাহিনি হিসেবে লিখলেও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে সরকারি কর্মপরিকল্পনা হিসেবে বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেন তিনি।