বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানির ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারে। এর মধ্যে সবচেয়ে বড় ঘাটতি ভারতের সঙ্গে। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হলেও রপ্তানি হয়েছে মাত্র ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলারের পণ্য।
রোববার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ২০২টি গন্তব্যে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানি হয়েছে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পণ্য। এতে সামগ্রিক বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলে বিভিন্ন বাণিজ্যিক ব্যবস্থার আওতায় পাওয়া অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারানোর আশঙ্কা রয়েছে। এর ফলে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি এবং এশিয়া-প্যাসিফিক বাণিজ্য চুক্তির সদস্য হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য ছাড়া অন্য সব পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশসুবিধা পাচ্ছে।
তিনি আরও জানান, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি রয়েছে। এর মধ্যে ভারতের সঙ্গে ঘাটতি সবচেয়ে বেশি। ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ৩৮৮ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করেছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন ডলারের পণ্য। জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য নাহিদ ইসলামের লিখিত প্রশ্নের জবাবে ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাণিজ্যের হিসাব তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, ওই অর্থবছরে দুই দেশের বাণিজ্যঘাটতি ছিল ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলার। এ সময়ে বাংলাদেশ ভারতে ১ হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে ভারত থেকে আমদানি করেছে ১১ হাজার ৪৮ দশমিক ৫৮ মিলিয়ন ডলারের পণ্য।
এদিকে, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। ২০২৫ সালের মেলায় এ পরিমাণ ছিল ৩৯২ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় এবার রপ্তানি আদেশ কমেছে ৪২ দশমিক ৭৯ শতাংশ। সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট ঠেকানো এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। এ ছাড়া কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল গফুরের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ প্রায় ৭২টি দেশ থেকে ওষুধ আমদানি করে।