কোথাও কাজ না করেই সড়ক উন্নয়নের বিল উত্তোলন, কোথাও ফাঁকা ভাউচার পূরণ করে প্রশিক্ষণ ব্যয়ের হিসাব তৈরি, আবার

সরকারি টাকার নয়ছয় তিন প্রতিষ্ঠানে, দুদকের অভিযানে প্রমাণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৮ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৮ সময়

কোথাও কাজ না করেই সড়ক উন্নয়নের বিল উত্তোলন, কোথাও ফাঁকা ভাউচার পূরণ করে প্রশিক্ষণ ব্যয়ের হিসাব তৈরি, আবার কোথাও হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার ও ওষুধের সংকট। সরকারি অর্থের এমন অপব্যবহার ও নানা অনিয়মের অভিযোগে সাভার, খুলনা ও ঝিনাইদহের তিনটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


রোববার (১৫ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম। প্রাথমিক অনুসন্ধানে কয়েকটি অনিয়মের তথ্যও পাওয়া গেছে। দুদক সূত্রে জানা যায়, সাভার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন গ্রহণ, দরপত্র ও প্রকল্প বাস্তবায়ন কমিটির কার্যক্রমে অনিয়ম, কাজ না করেই বিল উত্তোলন এবং প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল সাভার উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালায়।


এ সময় বিভিন্ন সড়ক উন্নয়নকাজের দরপত্র, কার্যাদেশ এবং কাজের অগ্রগতি প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। এসব কাগজপত্র পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়ন ও অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করবে কমিশন। এ বিষয়ে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। অন্যদিকে, খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রশিক্ষণ কার্যক্রমের বরাদ্দের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন ‘লাইস’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম ঘিরে এসব অভিযোগ ওঠে।


দুদকের খুলনার একটি দল কলেজে গিয়ে প্রকল্প গ্রহণের পরিপত্র, প্রশিক্ষণের বাজেট ও ব্যয়ের হিসাব, প্রশিক্ষকদের সম্মানী প্রদানের তথ্য এবং চলমান কর্মসূচির নথিপত্র সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার ক্ষেত্রে বিভিন্ন দোকান থেকে ফাঁকা ভাউচার সংগ্রহ করে সেগুলো নিজেরাই পূরণ করে বিল তৈরি করেছেন—এমন অভিযোগের তথ্য পাওয়া গেছে। অতিথি বক্তা ও প্রশিক্ষকদের সম্মানী দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের প্রাথমিক আলামত মিলেছে। এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা পেতে হয়রানি, সরকারি অর্থ আত্মসাৎ, নিম্নমানের খাবার সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম অকেজো রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।


অভিযোগ যাচাইয়ে দুদকের ঝিনাইদহের একটি দল প্রথমে ছদ্মবেশে এবং পরে সরাসরি হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় রোগীদের সরবরাহ করা খাবারের মান নিম্নমানের এবং ওষুধের পর্যাপ্ততা নিয়ে সমস্যা থাকার বিষয়টি নজরে আসে। পরে সেবাগ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের পাশাপাশি অভিযোগসংশ্লিষ্ট নথিপত্রও জব্দ করা হয়। তিন প্রতিষ্ঠানের এসব অভিযোগের বিষয়ে সংগৃহীত নথি ও তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯