দেশের জ্বালানি ব্যবস্থাপনা আধুনিকায়নে গভীর সমুদ্রে সিংগেল পয়েন্ট মুরিং বা এসপিএম স্থাপন প্রকল্প ঘিরে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ঠিকাদার নিয়োগে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পার্তামিনা ট্রান্স কন্টিনেন্টালের দরপ্রস্তাবে অতিরিক্ত ৩১ মিলিয়ন মার্কিন ডলার যুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। এ নিয়ে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
দরপত্রে প্রতিষ্ঠানটি ১২৮ মিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব দিয়ে সর্বনিম্ন দরদাতা হয়। কিন্তু মূল্যায়নের পর্যায়ে মূল দরের সঙ্গে আরও ৩১ মিলিয়ন ডলার যোগ করা হয়। ফলে প্রাথমিক প্রস্তাবের তুলনায় ব্যয় প্রায় ২৪ শতাংশ বেড়ে যায়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দরপত্রের শর্ত অনুযায়ী কর, ভ্যাট ও অন্যান্য শুল্কের দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের। সেগুলো মূল দরেই অন্তর্ভুক্ত থাকার কথা ছিল। নিয়ম অনুযায়ী চুক্তিমূল্য সমন্বয়ের সুযোগও নেই। তাই প্রশ্ন উঠেছে, এসব খরচ বাদ দিয়ে প্রতিষ্ঠানটি দর দিয়েছিল কি না, আর দিয়ে থাকলে প্রাথমিক পর্যায়ে তাদের প্রস্তাব গ্রহণ করা হলো কেন। বিশেষজ্ঞদের মতে, সর্বনিম্ন দরদাতা হওয়ার পর অতিরিক্ত অর্থ যোগ করার বিষয়টি দরপত্রের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।
ঠিকাদার নির্বাচনের পরামর্শক প্রতিষ্ঠান আবুধাবিভিত্তিক আইএলএফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সও পার্তামিনার দরপ্রস্তাবে উল্লেখযোগ্য অসংগতি থাকার কথা জানিয়েছে। তাদের অভিযোগ, এসব অসংগতি নিয়ে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়নি। এমনকি পার্তামিনা প্রকল্পের কাজের পরিধি যথাযথভাবে বুঝেছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠানটি। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকারি ক্রয়বিধি বিষয়ক পরামর্শক মো. ফারুক হোসেনের সুপারিশে মূল দরের সঙ্গে ভ্যাট ও অন্যান্য কর যুক্ত করা হয়েছে। মূল্যায়নসংক্রান্ত বক্তব্যেও ফারুক হোসেন এ বিষয়ে নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি অতীতে আওয়ামী লীগ সরকারের সময় একই মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সে সময় কয়লাখনি-সংক্রান্ত একটি চুক্তিতে তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল।
এদিকে, সময় ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য নিয়ে প্রকল্পটি হাতে নেওয়া হলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণসহ বিভিন্ন সিদ্ধান্তে অনিয়ম হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে আহ্বান করা দরপত্রের প্রস্তাব গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল বর্তমান মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন। এ নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহল। জানা গেছে, প্রকল্পের জন্য ১১টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র কিনলেও শেষ পর্যন্ত মাত্র তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। নির্বাচনের পর সময় নির্ধারণের অনুরোধ জানিয়েছিল একাধিক প্রতিষ্ঠান। কিন্তু তাদের আবেদন আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
দরপত্রের প্রাক্-আলোচনা সভায় অংশ নেওয়া নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান স্মিত ল্যামনালকো এবং মিশরের মেরিডাইভ শেষ পর্যন্ত চূড়ান্ত প্রস্তাব জমা দেয়নি। স্মিত ল্যামনালকো সময় বাড়ানোর আবেদন করেছিল। অন্যদিকে, মেরিডাইভের পক্ষে ঢাকায় অবস্থিত মিশরীয় দূতাবাসও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়ে সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছিল। কিন্তু কোনো পক্ষের আবেদনই রাখা হয়নি বলে জানা গেছে। অন্যদিকে, দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, ইন্দোনেশিয়ার পার্তামিনা নিজ দেশে ১২ বিলিয়ন ডলারের একটি কেলেঙ্কারিতে জড়িত ছিল। দরপত্রে কারচুপি ও নিম্নমানের জ্বালানি সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার কারাদণ্ডও হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া সিপিসি নামের একটি প্রতিষ্ঠান আগে বিনা দরপত্রে মূল এসপিএম প্রকল্পের কাজ পেয়েছিল বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়ায় দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির একটি বড় পাইপলাইন প্রকল্পও বাতিল হয়েছিল বলে সূত্রগুলো জানিয়েছে। একই সঙ্গে এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রমাণিত অভিজ্ঞতা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। চীনা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রায়ত্ত পেট্রোএসএর সঙ্গে বিতর্কিত অর্থায়ন-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উঠেছে। এ অবস্থায় কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। সরকারি ক্রয়বিধি অনুসরণ করে বিতর্কিত দরপত্র বাতিল এবং নতুন করে দরপত্র আহ্বানের দাবি জানিয়েছে তারা। সংশ্লিষ্টদের মতে, দেশের জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত এমন গুরুত্বপূর্ণ প্রকল্পের চুক্তি চূড়ান্ত করার আগে সব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।