ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছেন বিরোধী দলীয় নেতা গ্যাডি আইজেনকট। তার দাবি, নেতানিয়াহু আর এক মিনিটও সরকারের শীর্ষ পদে থাকার যোগ্য নন। একই সঙ্গে নির্বাচনে অনিয়মের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আইজেনকট অভিযোগ করেন, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। এর কয়েক ঘণ্টা আগেই জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিরা বৈঠক করেছিলেন। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট বা রাম দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন। এ জন্য নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীর কাছ থেকে পাওয়া কথিত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ওই তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা পরোয়ানা ছাড়াই রাম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট দেওয়ার জন্য ঘুষ দেওয়ার সন্দেহে তাদের গ্রেপ্তারও করা হয়। তবে পরবর্তী সময়ে গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে ওই তিনজনকে মুক্তি দেয় পুলিশ। নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান। দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পাওয়ার পর তিনি নির্বাচনী জালিয়াতির অভিযোগও তোলেন, যদিও সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনী হস্তক্ষেপের সন্দেহে পাঁচ ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর সেই আবেদন প্রত্যাখ্যান করে। আইজেনকট এসব অভিযোগের দ্রুত তদন্ত এবং পুলিশ ও শিন বেতের কাছে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন। তবে নেতানিয়াহুর লিকুদ পার্টি তার বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘জঘন্য উসকানি’ বলে আখ্যা দিয়েছে।
এর আগে শুক্রবারও আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণায় উসকানি দিয়েছেন। শনিবার নেতানিয়াহু ঐক্যের সরকার গঠনের আহ্বান জানালেও আইজেনকট সেটিকে ধোঁকাবাজি বলে প্রত্যাখ্যান করেন। অবশ্য যৌথ সরকার গঠনের সম্ভাবনা নিয়ে তার ইয়াশার পার্টি ও লিকুদ পার্টির মধ্যে আলোচনা চলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। উল্লেখ্য, নেতানিয়াহু কিংবা আইজেনকট—কোনো পক্ষের জোটই এখন পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি।
সূত্র: আল জাজিরা।