দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর নিয়মিত খেলাধুলার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এখন থেকে বার্ষিক

বছরজুড়ে ১০ খেলাধুলা আয়োজনের নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর নিয়মিত খেলাধুলার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এখন থেকে বার্ষিক শিক্ষাপঞ্জির সঙ্গে সমন্বয় করে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালনা করতে হবে। এ উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের অন্তত ১০ ধরনের খেলায় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


রোববার ১৫ নভেম্বর প্রকাশিত নির্দেশনায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে এসব খেলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে নিজেদের উদ্যোগে অন্যান্য খেলাধুলারও আয়োজন করতে পারবে। জানা গেছে, গত ৮ অক্টোবর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি আধা-সরকারি চিঠি পাঠান। সেখানে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর খেলাধুলা চালুর প্রস্তাব দেওয়া হয়।


চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি, মাদকমুক্ত সমাজ গঠন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতেও খেলাধুলার বড় ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের উদাহরণ তুলে ধরে তিনি জানান, দেশটিতে শিক্ষাবর্ষের সঙ্গে সমন্বয় করে বছরজুড়ে খেলাধুলা এবং শারীরিক সক্ষমতা মূল্যায়নের ব্যবস্থা রয়েছে।


এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর দফায় ক্রীড়া শিক্ষা ও খেলাধুলার প্রসারের প্রতিশ্রুতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যের বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর ৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয়।


এরই ধারাবাহিকতায় অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে দেশের সব আঞ্চলিক পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। অর্থাৎ নতুন এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি সারা বছর খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। এখন দেখার বিষয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কতটা কার্যকরভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯