ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন কি এবার হুথি বিদ্রোহীদের দখলে চলে যেতে পারে? শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে পৌঁছে গেছে ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা। এমন পরিস্থিতিতে সম্ভাব্য হামলা মোকাবিলায় এডেনের চারপাশে ব্যাপক প্রতিরক্ষা প্রস্তুতি শুরু করেছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী। গুরুত্বপূর্ণ এই বন্দরনগরী রক্ষায় সেনারা এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।
রোববার ১৫ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হুথি বিদ্রোহীরা ইয়েমেনের পার্শ্ববর্তী লাহজ প্রদেশের দুটি জেলা দখল করে এডেনের দিকে অগ্রসর হচ্ছে। সামরিক ও সরকারি একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, বিদ্রোহীরা বর্তমানে আল-মাদারিবার আল-খারাজ সামরিক শিবিরের কাছে অবস্থান করছে। সেখান থেকে এডেনের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের চারপাশে পরিখা খনন করছেন সরকারি বাহিনীর সেনারা। পাশাপাশি বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা দেয়াল এবং অস্থায়ী দুর্গ তৈরি করা হচ্ছে। তবে হুথি যোদ্ধারা আরও সামনে এগিয়ে এলে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে সামরিক পর্যবেক্ষকদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
ইয়েমেনের মূল রাজধানী সানা দীর্ঘদিন ধরেই হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এ কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলীয় এডেন শহরকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে। দেশটির রাষ্ট্রীয় ও প্রশাসনিক কার্যক্রমও পরিচালিত হচ্ছে এই শহর থেকে। জনবহুল এলাকাগুলোর বড় একটি অংশ নিয়ন্ত্রণে নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে হুথিরা। এদিকে এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রার মধ্যে গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি এবং সেখানকার একটি বিমানবন্দর থেকে সেনা সরিয়ে নিয়েছে সরকারি বাহিনী। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অস্থায়ী রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই সেনাদের অন্য স্থানে পুনরায় মোতায়েন করা হচ্ছে।
তবে হুথিদের সামরিক শাখার একটি সূত্র দাবি করেছে, সরকারি বাহিনী যেসব কৌশলগত এলাকা ছেড়ে গেছে, সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ইতিমধ্যে নিয়েছে বিদ্রোহীরা। সব মিলিয়ে ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। হুথিদের অগ্রযাত্রা অব্যাহত থাকলে দেশটির চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।