পটুয়াখালীর বাউফলে গভীর রাতে ঘরে ঢুকে তিন বোনসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে ১০ থেকে ১২ জনের একটি কিশোর দলের বিরুদ্ধে। রোববার রাত ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান সড়কে এ ঘটনা ঘটে। হামলায় আহত চারজনের মধ্যে দুজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ঝুমুর, রিনা, সাথী ও হাসান। ঝুমুর, রিনা ও সাথী আপন তিন বোন। আর হাসান একই এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে সাথী ও হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝুমুর ও রিনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
আহতদের পরিবারের অভিযোগ, তিন বোন দীর্ঘদিন ধরে কয়েকজন কিশোরের উত্ত্যক্ত ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাবের শিকার হয়ে আসছিলেন। এর প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক বিক্রিসহ নানা ধরনের অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ করেন তারা। আহত ঝুমুরের দাবি, ঘটনার রাতে তিন বোন ও হাসান খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় শিহাবের নেতৃত্বে ওমর, খাইরুল ও ইশাসহ ১০ থেকে ১২ জন তাদের ঘরে প্রবেশ করে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর হামলা চালানো হয়। এতে চারজন আহত হন।
ঝুমুরের অভিযোগ, আগে থেকেই তাদের উত্ত্যক্ত করা এবং কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় ক্ষুব্ধ ছিলেন অভিযুক্তরা। তাদের কথামতো না চলার কারণেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিহাব। তার দাবি, এক বন্ধুকে মারধর করা হয়েছে—এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি মারামারি থামানোর চেষ্টা করেন। ধাক্কাধাক্কির সময় কেউ আহত হয়ে থাকতে পারেন, কিন্তু তিনি কাউকে মারধর করেননি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইএম নাঈম সাকিব জানান, আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।