দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করার প্রচলিত ধারা

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অপকর্মের ধারাবাহিকতা এখনো বহাল: সুজন সম্পাদক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২০ সময় , আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২০ সময়

দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করার প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তাঁর মতে, অতীতে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে যেসব অপরাধ ও অনিয়ম সংঘটিত হয়েছে, সেগুলোর চর্চা এখনো বন্ধ হয়নি। কিছু ক্ষেত্রে মাত্রাগত পরিবর্তন এলেও সামগ্রিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি।


শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পঞ্চম তলায় আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বদিউল আলম মজুমদার বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে এ জেলার সুনাম থাকলেও সন্ত্রাস ও নানা অপরাধের কারণে এর নেতিবাচক পরিচিতিও রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় র‌্যাব গঠন করা হয়েছিল। বাহিনীটির বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ডেভিড ছিলেন নারায়ণগঞ্জের বাসিন্দা। এ ছাড়া সাত খুন ও ত্বকী হত্যার মতো আলোচিত ঘটনাও জেলাটির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের কাজের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করার প্রবণতা পরিহার করতে হবে। একই সঙ্গে বাহিনীর পেশাগত দক্ষতা বাড়ানো এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে, যা একপর্যায়ে দেশকে বসবাসের অনুপযোগী করে তুলবে। তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের আন্তরিকতা নিয়ে সন্দেহ না থাকলেও সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। অতীতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সংঘটিত অপরাধের যে ধারা ছিল, বিভিন্ন মহলের সহযোগিতায় তা এখনো অব্যাহত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।


সুজন সম্পাদক বলেন, পুলিশের মধ্যে সততা, দায়িত্ববোধ এবং নাগরিকের অধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি শুধু পুলিশের একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রের মালিক হিসেবে নাগরিকেরা সামাজিক সমস্যা সমাধানে সক্রিয়ভাবে এগিয়ে এলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। সুজনের সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯