দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ আয়োজনে বাণিজ্যিক আদালত সংস্কার নিয়ে অংশীজনদের পরামর্শ সভায় এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, দেশের সব জায়গায় ৭৫টি বাণিজ্যিক আদালত স্থাপনের প্রয়োজন নেই। শুধু আইন তৈরি করলেই চলবে না, সেটির যথাযথ প্রয়োগ ও কার্যকারিতা নিশ্চিত করাও জরুরি।
সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে শুধু অর্থ বা অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের মধ্যে আইনের শাসন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে যেন ন্যায়বিচার পাওয়ার জন্য বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, সেই নিশ্চয়তা নিশ্চিত করা প্রয়োজন।